ময়মনসিংহ-১ আসনে জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি: প্রিন্স
পরিকল্পিত ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
ময়মনসিংহ-১ আসনে জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার (২ মার্চ) দুপুরে পৌর শহরের ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
এদিন হালুয়াঘাটে নির্বাচন-পরবর্তী কর্মীসভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এতে উপজেলা ও পৌরসভা, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, ভোটকক্ষে ধানের শীষের এজেন্টসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভা শেষে সন্ধ্যায় একই স্থানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি; পরিকল্পিত ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’ তিনি দাবি করেন, কোথায় কীভাবে অনিয়ম হয়েছে, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং ময়মনসিংহ-১ আসনের ফল নিয়ে আইনি লড়াই চালানো হবে।
সভায় নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন, অপপ্রচার, অর্থের প্রভাব ও ভোট কেনাবেচার ঘটনা ঘটেছে। ভোট গণনার সময় ধানের শীষ প্রতীকের ব্যালট অন্য প্রার্থীর বান্ডিলে দেওয়ার মতো অনিয়মের অভিযোগও তোলেন তারা। প্রশাসনের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের পর তার নির্বাচনী এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করে তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি পুনর্গঠন ও সক্রিয় করা হবে এবং সংগঠন আরও শক্তিশালী করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে কর্মীসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে ইফতার মাহফিলে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আলেম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।