গণহত্যাকারীদের জামিন ও নিষিদ্ধ দলের কার্যালয় খোলা গণতন্ত্রের জন্য হুমকি: গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
গণহত্যার অভিযোগে অভিযুক্তদের জামিন প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘটনাকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে দলটির কার্যালয় খুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তার ভাষ্য, গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারেন।
মিয়া গোলাম পরওয়ার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিনের বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের বিভিন্ন জেলায় একই ধরনের ঘটনা ঘটছে।
তিনি অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করা, জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা এবং নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় খোলার ঘটনায় তদন্তের দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তিনি।