দীর্ঘদিন ধরে অবহেলিত লক্ষ্মীপুরকে নতুনভাবে গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন অবহেলিত লক্ষ্মীপুরকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করা হবে। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দেবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, মেঘনা নদী ও রহমতখালী খালের তীরবর্তী এলাকায় ভাঙনরোধে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে এবং ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ অগ্রগতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্মীপুরও এ কর্মসূচির আওতায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।