শুভেচ্ছা জানাতে নবনির্বাচিত এমপি নায়াব ইউসুফের বাসায় জামায়াত প্রার্থী
সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক বার্তা
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব। এ সময় তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
সাক্ষাৎকালে নায়াব ইউসুফ পারস্পরিক সম্মানের ভিত্তিতে অধ্যাপক আবদুত তাওয়াবের সঙ্গে মিলেমিশে ফরিদপুরের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এমপি না হতে পারলেও আপনি এ এলাকার এক লাখ ২০ হাজারের বেশি ভোটারের প্রতিনিধি। জনগণের স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এই দৃশ্যকে নতুন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতের রাজনীতি হবে সহনশীল, সহমর্মিতাপূর্ণ ও উন্নয়নমুখী।
দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের এই বার্তা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। আগামীর রাজনীতি যেন এই ধারায় এগিয়ে যায় এটাই দেশের সব স্তরের মানুষের আশা।