ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট, ফেনী
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার পরামর্শে বিএনপি-সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধিদল ভুক্তভোগীর খোঁজখবর নিতে তার বাড়ি পরিদর্শন করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় বিবি জোহরার বাড়িতে যান প্রতিনিধি দলের সদস্যরা। কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি জোহরার সার্বিক পরিস্থিতির খোঁজ নেয় এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এ সময় মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বেলাল আহমেদ, মশিউর রহমান বিপ্লব, আবু তালেবসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের পর বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তালাকটি শরিয়তসম্মত কি না, তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা করা উচিত।