জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: সাকী
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী হওয়ার পর বাঞ্ছারামপুরবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন জোনায়েদ সাকী। বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করায় তিনি ভোটারদের এই ধন্যবাদ জানান।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জোনায়েদ সাকী এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণআন্দোলনের ধারাবাহিকতায় এবারের নির্বাচনে অংশ নেওয়া হয়েছে এবং আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশবাসী, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণ রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব যুগপৎ জোটের ওপর অর্পণ করেছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।
নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিএনপি ও গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জোনায়েদ সাকী।