নির্বাচনী অনিয়মে ইসলামী আন্দোলনের প্রতিবাদ, ভোটকেন্দ্রে হামলা ও জাল ভোটের অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে প্রাপ্ত নির্বাচনী অনিয়মগুলো প্রকাশ করেছে।
১. ভোলা-১ আসনের বেশ কিছু কেন্দ্রে ভোট আগে নেওয়া হয়েছে।
২. পটুয়াখালী-৪ নং আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের বাঁধা প্রদান ও হামলা করা হয়েছে। এছাড়াও ময়পুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়াসহ জাল ভোট প্রদান করা হচ্ছে।
৩. ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টের মহিলারা জোরপূর্বক মহিলাদের থেকে সীল নিয়ে নিজেদের মার্কায় সীল দিচ্ছে।
৪. ভোলা-১ আসনের আওতাধীন উত্তর দিঘোলদী ৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনী এজেন্টসহ পর্যবেক্ষণ টিম স্থানীয় বিজেপি নেতাকর্মী কর্তৃক দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
৫. ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নং কেন্দ্রে ভোট কারচুপিতে বাঁধা দেওয়ায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
৬. নরসিংদী-৫ আসনের রায়পুরাতে ভোট চুরিতে বাঁধা দেওয়ায় হাতপাখার এজেন্টকে বিএনপি কর্তৃক মারধর ও রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি।
৭. ঝালকাঠি-১ রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে কোথাও এজেন্ট বসতে দেয়না, কর্মীদের কুপিয়ে জখম করেছে, পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে। এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে।
ইসলামী আন্দোলন প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এই বিষয়গুলো নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে জানাবে।