ফলাফলে কারচুপির শঙ্কা রয়েছে: ফয়জুল করিম
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সদর আসনের প্রার্থী ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কারচুপির শঙ্কা থেকেই যায়। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল; বহু প্রতীক্ষার পর সেই সুযোগ এসেছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাই-জনগণ যেন নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আমরা চাই না সেই ফলাফল ঘুরিয়ে প্রকাশ করা হোক। জনগণ যাকে ভোট দেবে, তারা যেন প্রকৃত ফলাফল জানতে পারে।
তিনি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও ভেতরে ভেতরে অন্য কিছু হতে পারে-এমন আশঙ্কা থেকেই যায়। তাই ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই বিশ্বাসের হাট কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়া শেষে তিনি পবিত্র আমানত (ভোট) পবিত্র জায়গায় রাখার আহ্বান জানান।