টাকাসহ আটক জামায়াত নেতাকে রংপুর মেডিকেলে ভর্তি
বুধবার সকালে ইউ এস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্যাগ ভর্তি টাকাসহ হেফাজতে নেয় পুলিশ।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত
সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হয়ে পুলিশি হেফাজতে থাকা ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে বুকের ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা পৌনে চারটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের ১ নম্বর বেডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউ এস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্যাগ ভর্তি টাকাসহ হেফাজতে নেয় পুলিশ।
এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে যা তার গার্মেন্টস ব্যাবসার। এদিকে শাহজালাল বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ঐ টাকা ভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদরাস হরিপদ দাস জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষার নিরীক্ষা চলছে, এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা। তার চিকিৎসায় থাকা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন।
নীলফামারী পুলিশ সুপার জানিয়েছেন, প্রাপ্ত টাকা এবং তার উপস্থাপিত নথিপত্র গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।