EN ☀️
×

Follow Us

রাজনীতি

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, প্রস্তুত লক্ষ্মীপুর

জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৪৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, প্রস্তুত লক্ষ্মীপুর

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরে ভোটগ্রহণকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টানা প্রচার-প্রচারণা শেষে জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা এখন ভোটের অপেক্ষায়। এদিকে সকালে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনি প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড শেষে ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আবু তারেক।

তিনি জানান, জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৪৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা যেন নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের মব সৃষ্টি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’ সবার প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

লক্ষ্মীপুরের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন।

নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবিসহ মোট ৯ হাজার ৮০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠে রয়েছেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সড়ক, মহাসড়ক ও অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন