ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ‘অপপ্রচারের’ নিন্দা জামায়াতের
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের নিকট একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা।
তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, জামায়াত আমিরসহ জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’