EN ☀️
×

Follow Us

রাজনীতি

একটি দল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত: মাহদী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

একটি দল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত: মাহদী আমিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের আশঙ্কায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ওই দলের নেতাকর্মীরা আগে থেকেই বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি সংগ্রহ করেছে। বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অবৈধ অর্থ পাঠানো কিংবা জান্নাতের টিকিটের প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা ধর্মপ্রাণ জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুতের তথ্য পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল এবং নারীদের আব্রু ও পর্দার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে বোরখা বা নিকাবের অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তা দুঃখজনক। এ ক্ষেত্রে নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার এবং নারী এজেন্টের উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাহদী আমিন আরও বলেন, প্রশাসন ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত—এমন অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর বিএনপি আস্থা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

নারী ক্ষমতায়নের বিষয়ে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নারী মন্ত্রণালয় প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও বৃত্তির মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়ায় বিএনপি অগ্রণী ভূমিকা রেখেছে। সে কারণেই বেগম খালেদা জিয়াকে বিশ্বব্যাপী নারী ক্ষমতায়নের রোল মডেল হিসেবে দেখা হয়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দল নারীবিদ্বেষী আচরণ করছে এবং একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধ ও ইসলামের মতো সংবেদনশীল বিষয়কে অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের প্রচারণা ও ইশতেহারে দ্বিচারিতার প্রমাণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়েও উদ্বেগ প্রকাশ করে মাহদী আমিন বলেন, এতে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ ব্যাহত হতে পারে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন জরিপ, জনসভায় জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং মাঠের বাস্তবতা প্রমাণ করে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত।

আরও পড়ুন