ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা!
নান্দাইলে ভোটগ্রহণের দায়িত্বে ৫ জামায়াত নেতা; বিতর্কের মুখে প্রশাসন, তদন্তের পর অব্যাহতির আশ্বাস ইউএনও’র।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচ নেতা বলে অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমিরসহ বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, উবায়দুল্লাহ মাসুম এক বছর আগে নান্দাইলের বাকচান্দা ফাজিল মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে আরবি বিষয়ক শিক্ষক হিসাবে যোগ দেন। তিনি মাদ্রাসার পাশেই হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমির।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইলে পোলিং অফিসারের দায়িত্ব পেয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
এ ছাড়া তার নিজ মাদ্রাসার আরো চারজন শিক্ষক যারা উপজেলা জামায়াতের বিভিন্ন পদে রয়েছেন। তাদের মধ্যে মাওলানা নজরুল ইসলাম। তিনি উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি।
তিনি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। শিক্ষক মো. ইয়ার হোসেন উপজেলা জামায়াতের রুকনে রয়েছেন। তিনিও ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। মো. আশরাফ আলী নামের জামায়াত নেতা দায়িত্ব পেয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসারের। অন্যদিকে মো. জিয়াউল হক নামের জামায়াত নেতা দায়িত্ব পেয়েছেন প্রিজাইডিং অফিসারের।
এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমির মো. উবায়দুল্লাহ মাসুম বলেন, আমি তো ভারপ্রাপ্ত সভাপতি। তা ছাড়া শিক্ষকতা করার সুবাদে আমার নাম মাদ্রাসা থেকে পাঠানোর পর পোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার কিছুই করার নেই।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা বাকচান্দা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ জানান, প্রতিষ্ঠান থেকে সব শিক্ষকের নাম পাঠানোর পরে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কে কোন দল করেন তা জানা নেই।
নান্দাইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খতিয়ে দেখে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
