EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল
অ অ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে নির্দিষ্ট একটি মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। এমন কথায় কেউ বিভ্রান্ত হবেন না। জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বক্তব্যে দেশের প্রখ্যাত আলেমদের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বিশিষ্ট আলেমরাও এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন। বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর এই দলকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি মা-বোন ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন দলকে ভোট দিয়ে কেউ যেন নিজের ঈমান নষ্ট না করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সনাতনী মা-বোনদের নিরাপত্তার দায়িত্ব আমার। এই দেশে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।’ 

এ ছাড়া ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে ভাতা প্রদানের ঘোষণাও দেন তিনি।

নির্বাচনী এই সভায় সাবেক ইউপি চেয়ারম্যান দবিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Recommended Stories

  • একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • আরও পড়ুন