EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াত জাতীয় প্রতারক দল: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় এলে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

জামায়াত জাতীয় প্রতারক দল: সালাহউদ্দিন আহমদ
অ অ

জামায়াতে ইসলামিকে ‘জাতীয় প্রতারক দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভোটের জন্য জান্নাত বিক্রি করছে। তাই ‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম ও প্রধান দায়িত্ব হিসেবে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে প্রথম দিন থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গতিপথ পরিবর্তিত হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কক্সবাজারের সার্বিক উন্নয়নে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

জনসভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর কাউকে জীবন দিতে হবে না।’

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।

দুপুরের পর থেকেই ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা চকরিয়া বাস টার্মিনাল মাঠে জড়ো হতে থাকেন। ঢাকঢোলের তালে নেচে-গেয়ে, স্লোগানে স্লোগানে জনসভাস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা ও ধানের শীষ প্রতীক।

বিকেলের দিকে পুরো বাস টার্মিনাল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জায়গা না পেয়ে অনেকেই আশপাশের ভবনের ছাদ ও বিলবোর্ডে অবস্থান নেন।

বিকেল পাঁচটার দিকে মঞ্চে ওঠে হাত নেড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় করতালি ও স্লোগানে তাঁকে স্বাগত জানান নেতা-কর্মী ও সমর্থকেরা।

জনসভায় কক্সবাজারের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ এবং তাঁদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ।

আরও পড়ুন