EN ☀️
×

Follow Us

রাজনীতি

যারা হিন্দু-মুসলমানকে বিভক্ত করতে চায় তারা দেশকে ধ্বংস করতে চান: শিশির মনির

দিরাই উপজেলায় নির্বাচনী জনসভায় তিনি প্রতিবন্ধী হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি ও ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দেন

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

যারা হিন্দু-মুসলমানকে বিভক্ত করতে চায় তারা দেশকে ধ্বংস করতে চান: শিশির মনির
অ অ

যারা হিন্দু মুসলমানকে বিভক্ত করতে চান তারা দেশ ও সমাজকে ধ্বংস করতে চান বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ দিরাই উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনে আমি পাস-ফেইল যাই করি ৬ মাসের মধ্যে দিরাই শাল্লার উপযুক্ত জায়গায় প্রতিবন্ধী হাসপাতাল করবেন। ইতিমধ্যে জমির মালিকের সাথে আলাপ হয়েছে ।

তিনি রাজনীতি নিয়ে বলেন, নতুন প্রজন্ম দেশে পঁচা রাজনীতি দেখতে চায়না, তারা দেখতে চায়- কে বেশি নতুনত্ব নিয়ে আসতে পারবে।

দিরাই শাল্লার জনগণের উদ্দেশে তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে মানুষ ঐক্যবদ্ধ সমাজ চায়। যারা ধর্মের ভিত্তিতে কওমি, আলীয়া, মসজিদ মন্দিরে বিভক্তি করতে চায় তারা দেশকে পিছিয়ে রাখতে চায়, যারা হিন্দু মুসলমানকে বিভক্ত করতে চান তারা আসলে দেশ ও সমাজকে ধ্বংস করতে চান। 

শিশির মনির বলেন, আমি সংকীর্ণ কোন দলাদলি করতে আপনাদের কাছে আসি নাই, আমি খুব প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে। আমার ধারণা ছিল ৫ আগস্টের পর আমাদের সমাজ বদলাবে, চরিত্রের পরিবর্তন হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যে গালাগালি ও সমালোচনার করছেন তাদের কোন প্রশ্নের উত্তর আমি দিতে চাইনা, আমি বাধ্য না। আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়, জীবন হল আলো আঁধারের খেলা,সত্য ও মিথ্যার খেলা, আমাবস্যা পুর্নিমার খেলা, সুখ-দুঃখ, ভালো মন্দ নিয়ে জীবন, আমি যদি কারও সুখে-দুঃখে পাশে থাকতে পারি এটাই আমার সফলতা। 

সনাতনীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যারা আছেন সংখ্যা লঘু শব্দটি ব্যবহার করবেন না, আপনারাও এ দেশের মালিক, এ জমিন আমার ও আমাদের। ধর্মের ভিত্তিতে কে কোন মতের, কে কোন পথের এ মতবাদ তুলে কাউকে বিভক্তি করা যাবে না।

উপজেলা জামায়াত আমির আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও রেজাউল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মাওলানা নুর উদ্দিন আহমেদ, শিশির মনিরের সহধর্মিণী সুমাইয়া সাদিয়া রায়হান, মুক্তিযোদ্ধা নলীনি কান্ত দাস, শিক্ষক পলিন দাস, খেলাফত মজলিসের হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, মোফাজ্জল হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিন এবং প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। 

আরও পড়ুন