EN ☀️
×

Follow Us

রাজনীতি

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান

বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান
অ অ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি এই এলাকার (ঢাকা-১৭ সংসদীয় আসন) সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার ও আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। এখানকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। 


বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। বিকেল ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। জনচলাচলের বিঘ্ন ঘটাতে চান না উল্লেখ করে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘এটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করব না।’

ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মা-বোনেরা যাতে যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারেন এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।

বক্তব্যে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন চেয়ে তিনি বলেন, ‘বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে।’ 

এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষে তিনি আবারও স্থানীয় ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ‘আগামী ১২ তারিখ ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোন ও ভাইদের প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন