বিএনপি সরকারে গেলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
‘আপনাদের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছিল, এবার তা ফিরিয়ে নেওয়ার সুযোগ’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
উত্তরবঙ্গের মানুষের বহুদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নীলফামারীসহ উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা বদলে দিতে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর বড় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আপনাদের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল একটি দল। আবারও সুযোগ এসেছে আপনাদের ভোটাধিকারের। বিএনপি সরকার গঠন করলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়ে স্বাবলম্বী করে দেবো। কৃষক ভাইদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করবো।’
তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবেই ২০২৪ সালেও স্বৈরাচারী বিদায়ের যুদ্ধে অংশ নিয়েছিলাম। সামনে লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য কাজ করবে। আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি।’
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী-২ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।