ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ
সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যানসংলগ্ন দুই নম্বর গেট মোড় এলাকায় অবস্থান নেন তারা
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যানসংলগ্ন দুই নম্বর গেট মোড় এলাকায় অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে পুলিশের হামলার খবর পাওয়ার পরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা দুই নম্বর গেট মোড়ে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। আমরা শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। ঢাকায় পুলিশি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।”
এ সময় বিক্ষোভকারীরা জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংগঠনের দাবি, ওই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী জুমা, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।