নীলফামারীতে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর বাতিল হওয়ায় একসময় হতাশায় ভুগছিল নীলফামারী বিএনপি। তবে হঠাৎ শনিবার (৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নীলফামারী আগমনের খবরে দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে, তারেক রহমানের নীলফামারীতে আগমন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা রেদওয়ানুল হক বাবুর নেতৃত্বে শহরজুড়ে বিভিন্ন স্লোগানে স্বাগত ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লা রুবেল ডেইলি সানকে বলেন, “বিএনপি প্রধান নীলফামারীতে আসছেন—এটি আমাদের জন্য বড় আনন্দের বিষয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁর আগমন এলাকায় বিশেষ আবহ সৃষ্টি করবে।”
অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মধ্যে একটি আসনে বিএনপির শরিক দল এবং বাকি তিনটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নীলফামারী-২ আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিএনপি চেয়ারম্যানের নীলফামারীতে নির্বাচনী সফর প্রথম দুই দফায় বাতিল হলেও, হঠাৎ তাঁর আগমনের খবরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”
প্রসঙ্গত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর বড় মাঠে নির্বাচনী জনসভা শেষে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জনসভা করবেন বলে দলটির শীর্ষ নেতৃত্বের একাধিক সূত্র জানিয়েছে।