নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী ওয়াসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গোলাকান্দাইলস্থ দিপু ভূঁইয়ার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন না করার ঘোষণা দেন।
ওয়াসিম উদ্দিন বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে ট্রাক প্রতীকে নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করেছি। এখন আবার দলীয় কারনেই ধানের শীষ প্রতীক ও অত্র আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানাচ্ছি। ’
এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, রূপগঞ্জ উপজেলা সচিব মিম্বর শাহসহ গাউছিয়া হক মাইজভান্ডারি কমিটির নেতাকর্মীরা একইভাবে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আশরাফুল হক রিপন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন, সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষের প্রতি মুগ্ধ হয়ে সমর্থন জানিয়েছেন যারা তাদের অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন, গণঅধিকার পরিষদ প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ বিভিন্ন দল আমাদের সমর্থন দিয়েছেন।