ঢাবিতে জামায়াত আমিরের বিতর্কিত পোস্টের প্রতিবাদে ছাত্রফ্রন্টের ঝাড়ু মিছিল
ডেইলি সান রিপোর্ট, ঢাবি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া ‘আবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে একটি মিছিল বের করেন।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি রাজনৈতিক দল নারীদের দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে—এটি নতুন কিছু নয়। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই প্রমাণ করে, এটি তাদের দীর্ঘদিনের নীতি।’
তিনি আরও বলেন, ‘কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে। অবমাননাকর বক্তব্যের জন্য সংশ্লিষ্টদের জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। তবে এসব অপচেষ্টা সত্ত্বেও নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘কিছু রাজনৈতিক দল নারীদের অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা মুনাফিকি ছাড়া রাষ্ট্রীয় কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘তাদের সাংগঠনিক কাঠামো রাষ্ট্রভঙ্গের মতো কর্মকাণ্ডে জড়িত। অতীত থেকে কোনো শিক্ষা না নিয়ে তারা আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠছে।’
সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, ‘জামায়াত বারবার মিথ্যা ও নাটক সাজিয়ে নিজেদের সমর্থকদের বিভ্রান্ত করছে। আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।’
তিনি বলেন, ‘আইডি হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করা হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে, তারা নিজেরাই পাসওয়ার্ড পরিবর্তন করেছে—যা পুরো ঘটনাটিকে একটি সাজানো নাটক হিসেবে প্রকাশ করে।
তিনি আরও বলেন, ‘নারীদের প্রতি অবমাননাকর মনোভাব জামায়াতের দীর্ঘদিনের নীতি। কর্মজীবী নারীদের সম্মান নস্যাৎ করার এই মানসিকতা তাদের তৃণমূল পর্যায়েও সক্রিয়। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি যথাযথভাবে তদন্ত করা। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াত আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।’