EN ☀️
×

Follow Us

রাজনীতি

এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের: প্রিন্স

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্সের গণসংযোগ: ‘সেমাই-চিনি নয়, উন্নয়ন চায় জনগণ’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের: প্রিন্স

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ধান বাংলাদেশের প্রাণ। এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশের সিংহভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণায় এমরান সালেহ প্রিন্স স্বতন্ত্র প্রার্থীদের কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা বিএনপির পরিচয়ে পরিচিত হয়ে দলের হাই কমান্ডের কাছে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণ ও জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করছে, তারা রাজনীতিকে ব্যাবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। দলের প্রতি এদের কোনো আনুগত্য বা ভালোবাসা নাই। এরা সেমাই-চিনি দিয়ে জনগণকে কিনতে চায়। জনগণ সেমাই-চিনি নয়; রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, কল কারখানা, কর্মসংস্থান ও নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। একমাত্র ধানের শীষে ভোট দিলেই এগুলো সম্ভব। 

তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ মোচন হলে বাংলাদেশের দুঃখ মোচন হবে। 

তিনি গারো পাহাড়ের পাদদেশের মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বানন জানিয়ে বলেন, ধানের শীষে ভোট মানেই উন্নয়ন, ধানের শীষে ভোট মানেই ন্যায়বিচার ও জনগণের শাসন। 

রাতে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘বিজয় স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট’- এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স। সেখানে তিনি যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হালুয়াঘাটে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ বছরব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার করেন।

সকাল ৯টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দিন শুরু করেন প্রিন্স। এরপর বেলা ১১টায় যুগলী ইউনিয়নের নয়াপাড়া, বিকেলে ধুরাইল ইউনিয়নের ডোবার পাড় ও করোনা বাজার, সন্ধ্যায় স্বদেশী ইউনিয়ন এবং রাতে আমতৈল ইউনিয়নের মঠ বাজারে পৃথক পথসভা ও উঠান বৈঠকে যোগ দেন তিনি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক আরফান আলী আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, শফিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল, মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশগুলোতে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও ধানের শীষের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

আরও পড়ুন