নাসীরুদ্দীন পাটওয়ারী
পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম
তিনি বলেন, ছাত্রদলের সদস্যরা এই হামলায় জড়িত, তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ছাত্রদলের সদস্যরা এই হামলায় জড়িত, তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এ ঘটনায় তিনি পুরো বাংলাদেশের কাছে বিচার দাবি করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দিন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কাছে কোনো দুর্নীতির অর্থ বা সন্ত্রাসী টাকা নেই। এরপরও তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই তিনি প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগের কথা শুনেছিলেন। তার দাবি, ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের— তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। তিনি মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান।
এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে অতীতের একটি ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ সঠিক পথে রাখার আহ্বান জানিয়েছিলেন।
নাসীরুদ্দীন বলেন, খালেদা জিয়া যদি আজ সুস্থ থাকতেন, তাহলে এসব কর্মকাণ্ড দেখে তিনি লজ্জা পেতেন।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অনেকেরই বর্তমানে ছাত্রত্ব নেই। তার দাবি, পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে কেন আমরা মাঠে থাকব—সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ভোটে জয়ী হোন বা না হোন, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না—এটাই তার অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।