নির্বাচনি জনসভায় মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াত আমির
লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য: জামায়াত আমিরের সফর ঘিরে খুলনায় নিশ্ছিদ্র নিরাপত্তা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনি সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এদিন তিনি খুলনাসহ যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন। জামায়াত আমিরের জনসভাকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক প্রস্তুতি কার্যক্রম চলছে।
সোমবার (২৬ জানুয়ারি) এ উপলক্ষ্যে খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রস্তুতির কাজ জোরেশোরে চলছে। মাঠে মঞ্চ নির্মাণ, মাইক স্থাপনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতারা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন। তিনি দুপুর ২টায় খুলনার সার্কিট হাউজ ময়দানে আয়োজিত জনসভায় অংশ নেবেন। একই দিনে তিনি যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের জনসভাতেও বক্তব্য দেবেন।
সূচি অনুযায়ী, জামায়াত আমির সকাল সাড়ে ৮টায় যশোরের কেন্দ্রীয় ইদগা মাঠে, দুপুর ১২টায় সাতক্ষীরার আমতলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় খুলনার সার্কিট হাউজ মাঠে এবং বিকেল ৫টায় বাগেরহাটে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান জানান, জনসভা সফল করতে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সার্কিট হাউজ মাঠে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনসভা উপলক্ষ্যে মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি দাবি করেন, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে।
তিনি আরও জানান, জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। পাশাপাশি সংশ্লিষ্ট আসনগুলোর ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীরাও জনসভায় বক্তব্য রাখবেন।
নিরাপত্তা বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে-কোনো অরাজকতা রোধে পুলিশ সর্বদা মাঠে রয়েছে। জনসভা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।