জনপ্রত্যাশার ঢাকা-৫ গড়তে হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
জনপ্রত্যাশার ঢাকা-৫ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীমের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংঘটিত হলেও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অতিমাত্রায় তাঁবেদারির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাকওয়াবান ও সৎ নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ডেমরা ও যাত্রাবাড়ীর শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ঢাকা-৫ আসনে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতির বক্তব্যে হাজী মো. ইবরাহীম বলেন, তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলবেন।
বিকেল থেকেই ডেমরা রোড ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ নেন। একপর্যায়ে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহকারী প্রচার ও দফতর সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ইনসাফ কায়েমের কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনসভার সমাপ্তি ঘটে।