সুশাসন ও কর্মসংস্থানের জন্য ধানের শীষে ভোট দিন: তারেক রহমান
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, সুশাসন, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
সুশাসন ও কর্মসংস্থান পেতে দেশের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনি জনসভায় তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে ভাসানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে। চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে সভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীরা উপস্থিত হন ময়দানে। কর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। এ সময় তারেক রহমান এলাকার মানুষের সমস্যার কথা শোনেন এবং পুনর্বাসনসহ ওই এলাকার সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, ১৬ বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এ দেশকে পুনর্গঠন করতে হলে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া, পেশাভিত্তিক কর্মপরিকল্পনা সাজানোসহ দেশের সব সমস্যা সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন।
দেশের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান।