EN ☀️
×

Follow Us

রাজনীতি

শূন্য থেকে ৫ বছরের সব শিশুর বিনা পয়সায় চিকিৎসার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

তিনি ঘোষণা করেছেন, জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছর পর্যন্ত শিশু এবং ৬০ থেকে ৬৫ ঊর্ধ্ব প্রবীণদের জন্য রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর ও উত্তরাঞ্চলকে দেশের ‘কৃষির রাজধানী’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

শূন্য থেকে ৫ বছরের সব শিশুর বিনা পয়সায় চিকিৎসার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শূন্য থেকে ৫ বছরের সকল শিশুর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি ৬০ থেকে ৬৫ ঊর্ধ্ব প্রবীণদের জন্যও বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা চালু করা হবে। আর যারা মধ্যবয়সী, তাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা খরচ চালাবেন, কিন্তু যারা অসহায় তাদের চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। আর এসব কিছুই করা হবে জনগণের দেওয়া ভ্যাট ও করের টাকায়।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর ১০ দলীয় নির্বাচনী ঐক্য এই সমাবেশের আয়োজন করে।

দিনাজপুরের উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে আমির বলেন, ‘দিনাজপুরবাসীর সঙ্গে সৎ ভাইয়ের মতো আচরণ করা হয়েছে। দেশের অনেক পৌরসভা সিটি করপোরেশন হলেও প্রাচীন এই শহরটিকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা বিশ্বস্ততার সঙ্গে বলছি, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।’

ভোটের অধিকার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’- সেই দিন শেষ। এবার যদি আমার ভোট অন্য কেউ দিতে চায়, তবে তাকে ছেড়ে দেওয়া হবে না। মানুষ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এই ভোটের জন্যই এত আন্দোলন ও ত্যাগ। তাই পরিবর্তনের জন্য সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।’

দিনাজপুরের খনিজ সম্পদ ও কৃষি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জেলায় কয়লা পাওয়া গেছে, তাই গ্যাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত সময়ে কোনো বৈজ্ঞানিক জরিপ চালানো হয়নি। আমরা ক্ষমতায় গেলে আম, লিচু ও টমেটোসহ কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার ও প্রসেসিং কারখানা স্থাপন করব। এতে কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কর্মসংস্থান হবে। উত্তরাঞ্চল হবে দেশের কৃষির রাজধানী।’

সমাবেশে উপস্থিত জনগণ দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগ তুললে আমির বলেন, ‘ফুটপাতেও চাঁদাবাজি হওয়া আমাদের জন্য লজ্জার। আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে করতেও দেব না। দুর্নীতি করব না, করতেও দেব না।’

নারীদের বিষয়ে অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, ‘গুজব ছড়ানো হচ্ছে আমরা ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করব। অথচ বর্তমানে নারীরা কোথাও নিরাপদ নয়। আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলসহ সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে নারীদের বিজয়ই প্রমাণ করে যে তারা সৎ নেতৃত্বের কাছে নিরাপদ বোধ করেন।’

ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন যে, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করা হবে। দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রয়োজনে স্পেশালাইজড হাসপাতাল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেন তিনি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ছয়টি আসনের প্রার্থীরা।

আরও পড়ুন