দাদির সমাধিতে শ্রদ্ধা জানালেন জাইমা রহমান
আজ সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।
কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
গত বছরের ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান (জাইমা রহমানের বাবা) স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।