শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়সহ বিভিন্ন সংগ্রামী স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটায় পূর্বঘোষিত সড়ক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান নেয় সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র-জনতা। সময়ের সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় লোকসমাগম বেড়ে যায় এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় বিক্ষোভকারীরা, ‘লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়সহ’ বিভিন্ন সংগ্রামী স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলে।
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চারদিক থেকে শাহবাগ এলাকা ঘিরে রাখা হয়েছে।
এদিকে শাহবাগ ও শহীদ ওসমান হাদি চত্বরের আশপাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।