বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান
রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের মো. রাশেদ খান। এর আগে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।
যোগদানের পর মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এসময় তিনি ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে মো. রাশেদ খাঁনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।
এর আগে গণ অধিকারের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেন এ নেতা। পদত্যাগপত্রে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
তিনি লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।