খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উনার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসক তারা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এই কথা জানান।
ডা. জাহিদ বলেন, “উনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল… আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেইন করতে পারছেন।”
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিন দিন পর তার ফুসফুসে সংক্রামণ হয়। এরপর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড ।
‘আশাবাদী আমরা’
বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘উনার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসক তারা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে, উনার বয়সের চেয়ে বেশি উনার যে অসুস্থতা এবং উনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে…. এবার উনি বেশি সময় পার করছেন।”
‘জনাব তারেক-জুবাইদা সার্বক্ষনিক দেখছেন’
ডা. জাহিদ বলেন, এই বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার সহধর্মিনী জুবাইদা রহমান সবসময় উনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং উনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহ-ধর্মিনী সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন। উনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে আজ উনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে উনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।”
এছাড়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান, উপদেষ্টাগণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণ, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিদের সর্বাত্মক সহযোগিতার জন্য কতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।
‘নেতা-কর্মীদের প্রতি আহ্বান’
অধ্যাপক জাহিদ বলেন, ‘‘এই হাসপাতালে আরও অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসা যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত। এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে।”
‘‘কাজেই আপনারা যারা সেবা গ্রহণ করবেন এবং কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোন ব্যাঘাত ঘটবে না এবং আমদের কোন নেতাকর্মী কোন ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।”