‘আমার মা সুস্থ ও জীবিত’, রুনা লায়লাকে নিয়ে গুজবে ক্ষুব্ধ তানি
ডেইলি সান রিপোর্ট, বিানোদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: রুনা লায়লা
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা গুরুতর অসুস্থ ও মৃত্যুর সঙ্গে লড়ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের শিকার হয়েছেন তিনি। তবে রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন জানিয়ে এ ধরনের অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে তানি লায়লা।
তানি লায়লা পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রুনা লায়লার সুস্থ থাকার বিষয়টি জানান।
তানি পোস্টে লেখেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে তিনি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এসব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’
তানির ভাষ্য, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সঙ্গীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনো তাকে এভাবেই অসম্মান করে চলেছে—কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’
রুনা লায়লা সুস্থ ও জীবিত আছেন জানিয়ে পোস্টে তিনি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’
গণমাধ্যমের কাছে তানির অনুরোধ, তথ্য যাচাই করে নিউজ করার জন্য।
তিনি বলেন, ‘আর সহ্য করা যাচ্ছে না... যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।’
এদিকে সাম্প্রতিক সময়েও গানের অনুষ্ঠানে বেশ সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে দুটি কনসার্টে সংগীত পরিবেশন করেছেন তিনি। তার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও গান করেছেন এই শিল্পী।