এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের বিবৃতি
সাংবাদিক মুক্তাদির রসিদকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করায় সাংবাদিক মুক্তাদির রসিদকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস এসোসিয়েশন।
এ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিচারাধীন এবং সংবেদনশীল এই মামলাকে প্রশ্নবিদ্ধ করা, আদালতকে অপমান করা এবং জনগণের আস্থা নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তাদির রসিদের এ ধরনের বক্তব্যকে বিচার ব্যাহত করার সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মেজর সিনহা হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার রায় আদালতের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে কিছু পক্ষ এই রায়কে ঘিরে অযাচিত প্রচার, অপব্যাখ্যা ও পক্ষপাতমূলক বক্তব্যের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের আড়াল করার চেষ্টা করছে। এক্স-ফোর্সেস এসোসিয়েশন এই পরিস্থিতিকে রাষ্ট্রবিরোধী ও নিন্দনীয় বলে অভিহিত করেছে।

সংস্থা সরকারকে আহ্বান জানিয়েছে, যারা বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে চায়, তাদের আইনের সর্বোচ্চ আওতায় আনা হোক। আদালতকে অপমান করা, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা বা রাষ্ট্রীয় কাঠামোর প্রতি অবমাননাকর অবস্থান গ্রহণ করা রাষ্ট্রদোহিতার শামিল। সাংবাদিক মুক্তাদির রসিদকে রাষ্ট্রদোহীতার দায়ে আদালতের মুখোমুখি আনার দাবি জানানো হয়েছে।
এক্স-ফোর্সেস এসোসিয়েশন পুনর্ব্যক্ত করেছে, বিচার চলবে আইন এবং সুনিশ্চিত প্রমাণের ভিত্তিতে; কোনো চাপ, মতামত বা বিভ্রান্তি আদালতের রায় প্রভাবিত করতে পারবে না। মেজর সিনহা হত্যার বিচার থামানো সম্ভব নয় এবং যারা অপপ্রচার ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।