EN ☀️
×

Follow Us

মতামত

দেশ-বিদেশে বাড়ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি

ইকরামউজ্জমান

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

দেশ-বিদেশে বাড়ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি

এবিজি স্পোর্টস সিটি শুধু দেশের ক্রীড়া ইতিহাসে অনন্য ‘মাইলফলক’ নয়, এটি ক্রীড়াঙ্গনের গর্ব। ছবি: ডেইলি সান

অ অ

খেলাধুলা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। খেলাধুলার প্রতি দৃষ্টিভঙ্গি এবং চিন্তা-ভাবনা পাল্টে যাচ্ছে।  এখন সময়ের দাবি হলো, ক্রীড়াঙ্গনে আধুনিক ক্রীড়া কাঠামো নির্মাণ করা হোক, যা খেলার উৎকর্ষ বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি ‘টেকসই’ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। দৃষ্টি এখন তো সবার স্বকীয়তায় উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে। অনেক বেশি কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ক্রীড়াঙ্গনে পেশাদারি সুশৃঙ্খলভাবে অনুসৃত হোক।

দেশের ক্রীড়াঙ্গনে এখন যে গল্পটি চলছে, এটি হলো একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের ক্রীড়াপ্রেমিক উদ্যোগী, উদ্যমশীল ‘এন্টারপ্রেনাররা’ খেলাধুলাকে ভালোবেসে ‘গুড করপোরেট সিটিজেন’ হিসেবে তাঁদের সামাজিক কর্মসূচির আওতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশাল পরিসরে অত্যাধুনিক ‘এবিজি স্পোর্টস সিটি’ নির্মাণ করেছেন।

যখন ২০১৯ সালে এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল, তখন এটির নাম ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। বলা হয়েছে, ‘আগামী এখানেই।’ সেটির এখন নতুন নামকরণ হয়েছে ‘এবিজি স্পোর্টস সিটি’। তবে বসুন্ধরা গ্রুপের বাস্তবধর্মী স্বপ্ন আর কমিটমেন্টে কোনো পরিবর্তন হয়নি।

এবিজি স্পোর্টস সিটি শুধু দেশে নয়, দেশের বাইরে ক্রীড়াসুধী, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী মহলে এর সব ধরনের আধুনিক ‘ফ্যাসিলিটি’ নিয়ে আলোচনা হয়। ইউরোপ ও আমেরিকার টেকনিক্যাল পারসন ও ক্রীড়া বিশেষজ্ঞ যখন এই এবিজি স্পোর্টস সিটি পরিদর্শন করেছেন, প্রত্যেকে বিভিন্ন খেলার আউট ডোর ও ইনডোর ফ্যাসিলিটি, আন্তর্জাতিক মানের আধুনিক জিম এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এবিজি স্পোর্টস সিটি শুধু দেশের ক্রীড়া ইতিহাসে অনন্য ‘মাইলফলক’ নয়, এটি ক্রীড়াঙ্গনের গর্ব।

দেশ-বিদেশে বাড়ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতিএই স্পোর্টস সিটি শুধু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না, বর্ধিত করেছে দেশের বাইরেও। দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম প্রাইভেট বিনিয়োগে নির্মিত স্বয়ংসম্পূর্ণ স্পোর্টস সিটি।

অলিম্পিক স্পোর্টস ইভেন্টের প্রায় সব খেলা এবিজি স্পোর্টস সিটিতে স্থান পেয়েছে। এবিজি স্পোর্টস সিটি হলো মনেপ্রাণে ক্রীড়াপ্রেমিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন। যিনি সব সময় বিশ্বাস করেন দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে ধাপে ধাপে; এ ক্ষেত্রে এবিজি স্পোর্টস সিটি সহযোগী হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে।

আসলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মধ্যে খেলা এবং খেলার চিন্তা ঘিরে এমন কিছু আছে, যা ক্রীড়াঙ্গনের হিসাবের বাইরে। তিনি পেরেছেন মানুষের গল্পে জায়গা করে নিতে। আর তাই মানুষ দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অসাধারণ কার্যক্রম নিয়ে ভাবে। ভবিষ্যতে তিনি আরো বেশি আলোচিত হবেন বলেই মনে করি। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকা আশা-জাগানিয়া। প্রচারের বাইরে নিভৃতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই মানুষটি।

লিখতে বসে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারির অপরাহ্নের কথা মনে পড়ছে, যেদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংস অ্যারেনার উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছিলেন, অচিরেই এই স্পোর্টস কমপ্লেক্সের অন্যান্য ভেন্যু আন্তর্জাতিক খেলার আয়োজনে ব্যবহৃত হবে। কিংস অ্যারেনায় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলা হয়েছে।

খেলা হয়েছে এএফসি কাপের এবং বয়সভিত্তিক সাফ নারী ফুটবলের। স্পোর্টস সিটিতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রাণবন্ত উইকেট এবং অন্যান্য ফ্যাসিলিটির ভূয়সী প্রশংসা করেছে। অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড’। ক্রমেই আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ব্যস্ততা বাড়ছে।

 বাড়ছে ক্রিকেট দুনিয়ায় এর পরিচিতি। এখানে উল্লেখ করার দাবি রাখে, পাশেই আরেকটি বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে, জানানো হয়েছে ২০২৭ সালের জুনের মধ্যে এই বৃহৎ স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে। স্টেডিয়ামের কাজ সম্পন্ন হলে এই ভেন্যু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিয়মিতভাবে ব্যবহৃত হবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ড তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। মূল খেলায় নামার আগে ইংল্যান্ড দল খেলবে একটি প্র্যাকটিস ম্যাচ। আর এর জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এবিজি স্পোর্টস সিটিতে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে। তারা দেখেছে মাঠের আধুনিক সুযোগ-সুবিধা ও অবকাঠামো। এ সময় এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান ও অন্যরা উপস্থিত ছিলেন।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য আরেকটি সুযোগ হলো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে নিজেদের বিশ্বমানের সক্ষমতা প্রমাণের। প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোর সব কটির মালিক কিন্তু নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড নয়। যেমন—বাংলাদেশে মিরপুর, সিলেট এবং চট্টগ্রাম ভেন্যুর মালিক হলো জাতীয় ক্রীড়া পরিষদ। ইংল্যান্ডের ওভাল হলো সারে কাউন্টির। ঠিক তেমনি লর্ডসও। তবে সব দেশের ক্রিকেট বোর্ড তাদের ভেন্যুগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে।

যা হোক, ইংল্যান্ডের পরিদর্শকদল আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করার পর মিরপুরে ফিরে গিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিসকে বলেছে, বাংলাদেশে এমন বিশ্বমানের ক্রিকেটীয় সুবিধা আছে, এটি আমাদের কাছে অবিশ্বাস্য লেগেছে। জানতে চেয়েছেন পরিদর্শকদলের সদস্যরা—তোমরা এত অল্প সময়ে এত সুযোগ-সুবিধা কিভাবে প্রস্তুত করেছ। এই স্বীকৃতির তো মূল্য আছে।

মাঠ পরিদর্শনের পর ইংল্যান্ড থেকে আগত প্রতিনিধিরা এজিবি স্পোর্টস সিটিতে মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি। তবে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান মিডিয়াকে বলেছেন, ‘ইংল্যান্ডের প্রতিনিধিদল এখানকার সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই।’


ঢাকা শহরের প্রাণকেন্দ্রে চমৎকার পরিবেশ এবং ভালো যোগাযোগব্যবস্থার মধ্যে আছে এবিজি স্পোর্টস সিটি। এই সিটিতে দুটি স্টেডিয়ামে (একটির আগামী বছর জুনে সব কাজ শেষ হয়ে যাবে) আন্তর্জাতিক মানের সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিসিবির জন্য এটি অনেক বড় আস্থা ও আশীর্বাদের বিষয়।

২০৩১ সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে। বিশ্বকাপ শুরু হবে ৯ অক্টোবর আর শেষ হবে ২৩ নভেম্বর। বিশ্বকাপের আয়োজন তো বিশাল ব্যাপার। আমার মনে হয় বিসিবি অবশ্যই আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও অন্য আরেকটি ক্রিকেট স্টেডিয়ামকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আগাম চিন্তা-ভাবনা করবে।

২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে পরবর্তী অলিম্পিক গেমস। ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। এর আগে বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্বের খেলা হবে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ অলিম্পিক বাছাইয়ের স্বাগতিক দেশ হতে পেরেছে। এটি দেশের জন্য অনেক বড় সম্মানের বিষয়। আটটি দল নিয়ে মিনি বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্ট। বোর্ড সূত্রে জানা গেছে, অলিম্পিক বাছাইয়ের খেলাগুলো ঢাকায় আয়োজন করার কথা ভাবা হচ্ছে।

ঢাকা শহরের মধ্যে তো শুধু একটি ভেন্যু মিরপুর স্টেডিয়াম। পূর্বাচলে বিসিবির জায়গা থাকা সত্ত্বেও তো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি। অনেক বড় জায়গা কোনো কাজে লাগছে না। এদিকে এবিজি স্পোর্টস সিটিতে দুটি সব ধরনের সুযোগ-সুবিধাসম্পন্ন ভেন্যু। বিসিবি যদি আনভীর ক্রিকেট স্টেডিয়াম এবং নতুন যে বড় ক্রিকেট স্টেডিয়ামের কাজ আগামী বছর ৩০ জুনের মধ্যে শেষ হয়ে যাবে—এই দুটি ভেন্যুকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আইসিসির কাছে আবেদন করে, আর তা যদি গৃহীত হয়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ঝুট-ঝামেলা ছাড়া সহজে কম খরচে ঢাকায় অলিম্পিক বাছাই পর্বের টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। তবে সবকিছুই নির্ভর করছে বিসিবি ও এবিজি স্পোর্টস সিটির মধ্যে হৃদয়ঙ্গমের ওপর।

যত দিন গড়াচ্ছে, এবিজি স্পোর্টস সিটির প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি, পেশা এবং বিভিন্ন বয়সের পুরুষ ও নারীর আগ্রহ বেড়েই চলেছে। শুধু খেলার সংগঠন, ক্লাব, ক্রীড়ানুরাগী মহল নয়, সামাজিক ক্লাব এবং করপোরেট হাউস তাদের অনুষ্ঠানের খেলাধুলার অংশ আয়োজন করতে চাইছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটিতে। এখানে খেলাধুলার পাশাপাশি বিনোদনের চমৎকার সুযোগ আছে।

 

লেখক : কলামিস্ট ও বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি, এআইপিএস এশিয়া। আজীবন সদস্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। প্যানেল রাইটার ফুটবল এশিয়া

আরও পড়ুন