জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক
মাসুদ আহাম্মদ সুবর্ন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
মাসুদ আহাম্মদ সুবর্ন। ছবি: সংগৃহীত
জাতীয় সংকট ঘনীভূত হলে বা বৃহত্তর কোনো রাষ্ট্রীয় প্রয়োজন সামনে এসে দাঁড়ালে রাজনৈতিক দলগুলোর সামনে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এক টেবিলে বসা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। তবে এই ঐক্যের তাগিদ যে কেবল দলগুলোর নিজস্ব আগ্রহ বা কৌশল থেকে আসে, তা সব সময় নয়। বরং এমন আলোচনার মধ্য দিয়ে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন ঘটে। কেননা, মানুষের মন কখন কী বলে, কী করে, তার তো কোনো লেখাজোখা নেই। এ প্রসঙ্গে প্রয়াত অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান যথার্থই বলেছেন, ‘গতানুগতিক প্রজ্ঞা সব সময় সত্য নয়। সমাজজীবনে সত্য অত্যন্ত জটিল। তার সঠিক উপলব্ধি করতে হলে অনেক মানসিক পরিশ্রমের প্রয়োজন।’
মূলত মানুষের চলমান মানসিকতাকে প্রাধান্য দিয়ে চিরাচরিত রাজনৈতিক ধারার গতিপ্রকৃতি ভেঙে মৌলিক সত্যকে উপলব্ধি করাই কেবল বর্তমানের নয়, সব সময়েরই দাবি। সময় প্রতিদিনই বদলাচ্ছে। বিজ্ঞানের নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে জীবনে, বদলে যাচ্ছে মানুষের চিন্তাভাবনা। সময়ের এই পরিবর্তিত বাস্তবতাকে সঠিকভাবে আত্মস্থ করা এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করাই এখন রাজনীতির মূল চ্যালেঞ্জ। সময়ের দাবি মেনে এগোতে ব্যর্থ হলে সামনের পথও কঠিন ও সংকীর্ণ হয়ে পড়ে। দেখা দেয় বিশ্বাসহীনতা ও আস্থার সংকট। এই বিস্তৃত ভাবনার পরিসরে রাজনীতির পথ ও মত আবর্তিত হয় জটিল আবর্তে। প্রত্যয় সাধারণ মানুষের হলেও, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি রাজনীতি ও রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের।
বিশ্ব ইতিহাস ঘাঁটলে এমন সফল সমঝোতার বেশ কিছু নজির পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা যায়, যুক্তরাজ্যের অস্তিত্ব রক্ষায় ১৯৪০ সালের মে মাসে উইনস্টন চার্চিলের নেতৃত্বে কনজারভেটিভ, লেবার ও লিবারেল পার্টি মিলে যুদ্ধকালীন সর্বদলীয় জোট সরকার গঠন করেছিল। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী রক্তক্ষয়ী সংঘাত এড়াতে নেলসন ম্যান্ডেলা ও ডি ক্লার্কের হাত মেলানো বিশ্ব রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। আরব বসন্ত-পরবর্তী অস্থিরতায় ২০১৩ সালে তিউনিসিয়াকে গৃহযুদ্ধের ঝুঁকি থেকে ফেরাতে ক্ষমতাসীন এনাহদা ও বিরোধী নিদা তিউনিস দলের সমঝোতা বিশ্বজুড়ে প্রশংসা পায়। এই সমঝোতার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে ‘তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট’ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
আমাদের নিজেদের ইতিহাসেও সংকটকালে ঐক্যের নজির কম নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছিল সর্বদলীয় ‘উপদেষ্টা পরিষদ’, যার সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৮২ সালে সামরিক শাসন জারির পর স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোট যুগপৎ আন্দোলনের সূচনা করে। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১৯ নভেম্বর স্বৈরাচার এরশাদের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও বামজোট নেতৃত্বাধীন তিন জোটের ঐতিহাসিক ‘রূপরেখা’ ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও নারী-পুরুষসহ বিভিন্ন সামাজিক শক্তির এক কাতারে দাঁড়ানো প্রমাণ করে—জাতির ক্রান্তিলগ্নে আমরা ঐক্যবদ্ধ হতে জানি।
তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সংলাপ ও সমঝোতার তিক্ত অভিজ্ঞতাও কম নয়। বিগত তিন দশকে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে দেশি-বিদেশি বহু মধ্যস্থতাকারী এগিয়ে এলেও দলগুলোর অনমনীয়তার কারণে সেসব উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে। ১৯৯৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলা আন্দোলনের সময় রাজনৈতিক সংকট নিরসনে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকায় এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার নিনিয়ান মার্টিন স্টিফেন। প্রায় ছয় সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে তিনি একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিলেও দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও অনড় অবস্থানের কারণে স্যার নিনিয়ানের মিশন ব্যর্থ হয়।
একইভাবে, ২০০১ সালের নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় কিছুটা অগ্রগতি হলেও ২০০৬ সালে সংস্কারের প্রশ্নে তৎকালীন দুই দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল জলিলের মধ্যকার বহুল আলোচিত সংলাপ সমাধান ছাড়াই ভেঙে যায়। পরবর্তী সময়ে ২০১৩ সালে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রধান দুই দলের শীর্ষ নেতাদের এক টেবিলে বসানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ২০১৮ সালের নির্বাচনের আগে গণভবনে বড় পরিসরে সংলাপ অনুষ্ঠিত হলেও রাজনীতিতে এর কোনো ইতিবাচক ও দৃশ্যমান প্রতিফলন দেখা যায়নি। বিদেশি দূত কিংবা দেশীয় নেতাদের মধ্যস্থতায় আয়োজিত সংলাপগুলো বারবার ব্যর্থ হয়েছে মূলত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব ও আমাদের জটিল চিন্তাভাবনার কারণে। সেই চিন্তার শুরু ও শেষ আমরা নিজেরাও অনেক সময় বুঝে উঠতে পারি না। নানা হিসাব-নিকাশের সমীকরণ মেলাতে গিয়ে ব্যর্থ হই!
বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের প্রশ্নটি আবার নতুন করে সামনে এসেছে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। জুলাই ২০২৪-পরবর্তী বাংলাদেশে এমন ঐক্যের ডাক আরও আগেই দরকার ছিল। কেননা, আমাদের সবাইকে মনে রাখতে হবে—আমরা যে দলই করি না কেন বা যে মতাদর্শেই বিশ্বাস করি না কেন, ২০২৪ সালের মধ্য জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহে শুধু ক্ষমতা রক্ষার জন্য হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। অনেক মানুষ আহত হয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। আর তৎকালীন ক্ষমতাসীন সরকারের পতন ও পলায়ন ঘটেছে। জটিল আন্দোলন-সংগ্রামের একেবারে নির্ভেজাল রক্তাক্ত সমাপ্তি! এই আন্দোলন দেশের ইতিহাসে নতুন পাঠ লিখেছে। সময়ের বিবেচনায় এই আন্দোলনে মুখ্য হয়ে উঠেছে ১৯৭১ সালের মহান স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের প্রতি এবং এ দেশের মানুষের প্রতি আমাদের নিজেদের আচার-আচরণ।
আমরা আন্দোলন করি বা নির্বাচন করি—যা-ই করি না কেন, তার শুরুতে থাকে জনতা আর শেষে থাকে বাংলাদেশ। নির্বাচনে কেউ হারার জন্য দাঁড়ায় না। তবে ভোটের মাঠে জনগণের পরিবর্তিত মনোভাব ও নতুন সমীকরণ মানুষের প্রত্যাশার একটি প্রতিফলন ঘটায়। ভোটের রাজনীতিতে জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন না ঘটলে পুরো প্রক্রিয়াটি কেবল সংখ্যার হিসাবেই আটকে থাকে। এতে বাড়ে হতাশা, বাড়ে জটিলতা। তখন প্রশ্ন ওঠে—আন্দোলন করে কী হলো, রক্ত দিয়ে কী লাভ হলো, জীবন দিয়েই বা কী হলো আর ভোট দিয়েই বা কী হলো! সবশেষে ‘কী হলো’ আর ‘কী হলো না’—এই প্রশ্নের ক্রিয়া-প্রতিক্রিয়ায় ধীরে ধীরে জড়িয়ে যায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোও। আনুপাতিক হারকে গুরুত্ব দিতে গিয়ে সংখ্যাতাত্ত্বিক বৈষম্যে নিজেরাই জড়িয়ে পড়ি।
একসময় সংশ্লিষ্ট অনেক দলের পক্ষ থেকে প্রশ্ন ওঠে নির্বাচনে কারচুপির! কখনো বলা হয় স্থূল কারচুপি, কখনো আবার সূক্ষ্ম কারচুপি! এভাবে কারচুপিরও হাস্যরসাত্মক রকমফের করে ফেলেছি আমরা। রক্তস্নাত আন্দোলনের পর অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত ২০২৬ সালের নির্বাচনও এ ধরনের তকমার বাইরে নয়। অথচ নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এর প্রধান দায়িত্বে থাকেন সরকারি কর্মকর্তা। তাঁদের সঙ্গে থাকেন শিক্ষকসহ সরকারি-বেসরকারি পর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গ। তবুও নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও প্রশ্নের মুখে থেকে যান। এভাবে চলতে চলতে আবার কোনো না কোনো পর্যায়ের নির্বাচন চলে আসে। অদ্ভুতুড়ে এই অভিযোগের চূড়ান্ত ফয়সালা কখনো করা হয় না। দায়িত্ব হয়তো নিলাম, কিন্তু দায় কেউ নিলাম না! ১৯৭৩ সালের সংসদ নির্বাচন থেকে আজ অবধি এভাবেই চলছে। এতে রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্নের মুখে পড়ছেন, জনতার দায় মাঠে-প্রান্তরে গড়াগড়ি খাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে সামাজিক বোধ।
‘ভাই, একটু সরে বসেন!’—রংপুর থেকে ঠাকুরগাঁও ফেরার পথে বিআরটিসি বাস কাউন্টারে বসে থাকার সময় ঐক্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদে দেওয়া ভাষণ পড়ছিলাম পাশে বসা এক ব্যক্তির মোবাইল ফোনে। তাঁর বাড়ি সৈয়দপুরে। সঙ্গে পঞ্চগড়ের আরেকজন ব্যক্তিও ছিলেন। পড়ার পাশাপাশি এমন ঐক্যের সফলতা-ব্যর্থতা নিয়ে টুকটাক কথা চলছিল। আমরা সবাই একমত ছিলাম যে, সুস্পষ্ট ও প্রকাশ্য কাঠামো ছাড়া এ ধরনের ঐক্যের আহ্বান ফলপ্রসূ হয় না। অতীত অভিজ্ঞতা ভালো নয়। এর ফল আমরা সময়ের পরতে পরতে ভোগ করছি। তবে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হামলা এবং সাবেক প্রধানমন্ত্রীর আগামী ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে সম্ভাব্য জটিলতার প্রেক্ষাপটে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা একটি শুভ লক্ষণ। রাজনীতির পাশাপাশি সামাজিকভাবেও একটি সুস্থ পরিবেশ তৈরি করা দরকার, যা বিগত সময়ে অনেকটা নষ্ট হয়ে গেছে। এভাবে আমাদের কথাবার্তা বেশ ভালোই চলছিল। এমন সময় অন্য এক ভদ্রলোকের ‘সরে বসেন’ কথায় সম্বিৎ ফিরে পেলাম—চারপাশে তখন ভিড় বাড়ছিল। তার ওপর পরিস্থিতি ছিল আরও অস্বস্তিকর!
সাম্প্রতিক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পতিত স্বৈরাচারী শক্তির তৎপরতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের ভাষণে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এখন দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতিও তিনি এ আহ্বান জানান।’ অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছেন, ‘যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে’ (প্রথম আলো, ১৯ নভেম্বর ২০২৬)। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেছেন।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন-সংগ্রামে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয় ছিলেন। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলনে তো বটেই, অনেক আগে থেকেই সরকারবিরোধী অবস্থানে সক্রিয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনসহ প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে রাষ্ট্র সংস্কার, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, গণহত্যার বিচার এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সুস্পষ্ট অঙ্গীকারের কথা বলেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও বৈঠক শেষে জানিয়েছেন, পতিত স্বৈরাচারের সহিংসতা রোধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি মত ও পথের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে।
জুলাই ২০২৪-এর রক্তাক্ত অধ্যায়ের পর এই সংলাপকে মানুষ ইতিবাচকভাবেই দেখতে চায়। এতে সংসদে নির্বাচিত দল হিসেবে রাজনৈতিক দলগুলোর দায় রয়েছে। তবে ১৯৯৪ সালে স্যার নিনিয়ানের মিশন কিংবা ২০০৬ ও ২০১৩ সালের ব্যর্থ সংলাপের অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের মনে অনেক ধরনের শঙ্কাও কাজ করে। আবার কোনো নতুন জটিলতার সৃষ্টি হয় কি না, সেই আশঙ্কাও রয়েছে। আলোচনা যখন কাজের চেয়ে লোকদেখানো বা প্রচারমুখী হয়ে পড়ে, তখন জনগণের আস্থায় বড় ধরনের চিড় ধরে। বর্তমান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রায়ই এমন সব সভা দেখা যায়, যার মূল উদ্দেশ্য সংকট সমাধানের চেয়ে ক্যামেরার সামনে ভালো ছবি তোলা। ব্যঙ্গ করে অনেকেই এখন এসব আনুষ্ঠানিকতাকে ‘ফটোজেনিক আলোচনা’ বলছেন। আসলে ক্যামেরার ফ্ল্যাশলাইটে ছবি সুন্দর আসে ঠিকই, কিন্তু রাজনীতির অন্ধকার কাটে না।
প্রধানমন্ত্রী ও এনসিপির মধ্যকার এই সংলাপ যেন অতীতের মতো কেবল আনুষ্ঠানিকতা বা ‘ফটোসেশনে’ সীমাবদ্ধ না থাকে, সেটিই এখন বড় প্রত্যাশা। জনগণ চায়, সংলাপের টেবিলে যেসব সংস্কার, বিচার ও নিরাপত্তার কথা উঠছে, মাঠের রাজনীতিতেও তার বাস্তব প্রতিফলন ঘটুক। লোকদেখানো আনুষ্ঠানিকতা বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা নিয়ে কাজ করলেই কেবল এই সংলাপ সার্থক ও ফলপ্রসূ হবে। কেননা, ফটোসেশন বা অতিকথন আমাদের রাজনীতির অন্যতম নির্ণায়ক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক সময় আসল কাজ বাদ দিয়ে এগুলো নিয়েই সময় কাটাই। আর পায়ে পায়ে অযথা জটিলতা এসে সামনে দাঁড়ায়—তখন আবার হকচকিয়ে যাই।
এ কারণে শুধু রাজনৈতিক শক্তিই নয়, সামাজিক শক্তিকেও সক্রিয় করা জরুরি। কারণ, দেশ শাসন রাজনৈতিক বিষয় হলেও এর পরিচালনার বিষয়টি মূলত সামাজিক। তা ছাড়া সাম্প্রতিক অস্থিরতা ও ঘটনাগুলো ঘটেছে সামাজিক পরিসরেই। বিশেষ করে বিগত সময় থেকে আমরা সামাজিক শক্তিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে এক ধরনের জটিলতার সৃষ্টি করেছি, যার ধারা আজও বর্তমান। আমরা সামাজিক পরিসরকেও রাজনীতির রঙে সাজাতে চাইছি। অথচ রাজনীতির সুস্থ ধারার স্বার্থেই সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির নেতিবাচক প্রভাবের বাইরে রাখা আবশ্যক। এতে রাজনীতি ও সামাজিকতা—উভয়ই শক্তিশালী হয়। আর এই দুয়ের ন্যূনতম দৃঢ়তা ছাড়া দেশের সামগ্রিক স্থিতিশীলতা আশা করা অরণ্যে রোদন মাত্র।
মানুষ এখন সবকিছুকেই জুলাই ২০২৪-এর চেতনার আদলে দেখতে চায়। কেননা, এই জুলাই ছিল এ দেশের মানুষের নীতি ও নৈতিকতার ভিত্তিতে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক অনন্য অধ্যায়। সুতরাং দেশের প্রায় সব ক্ষেত্রেই এই চেতনা একটি মৌলিক ধাপ তথা উত্তরণের পথ। অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কারের রূপরেখাসহ নানা জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা আসলে নিজেদেরই সময়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। জুলাই ২০২৪-এর আগে ও পরের অসংখ্য প্রশ্নের উত্তর আজও মেলেনি। মেলেনি কর্মসংস্থান, জীবনের নিরাপত্তা কিংবা রাষ্ট্রীয় দায়বদ্ধতার নিশ্চয়তা। কঠোর আইনের কথা শোনা গেলেও ঋণখেলাপি বা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে রোখা যাচ্ছে না। ফলে নতুন সময়েও মানুষ পুরোনো চিত্রই দেখছে।
এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে বর্তমান বিএনপি সরকারের প্রণীত কয়েকটি আইন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গুজবের দায়ে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে পাস হওয়া সাইবার সুরক্ষা আইনকে জামায়াতে ইসলামী ও নাগরিক সমাজ মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বললেও সরকারের দাবি, অপতথ্য রোধেই এটি জরুরি। জাতীয় মানবাধিকার কমিশন আইনে স্বাধীন তদন্তের ক্ষমতা সীমিত করায় টিআইবি একে কমিশন নিয়ন্ত্রণের চেষ্টা বলছে। আর গুম প্রতিরোধ আইনে নিরাপত্তা সংস্থাকে তদন্তের ভার দেওয়ায় হিউম্যান রাইটস ওয়াচ একে দায়মুক্তির পথ বলে সমালোচনা করেছে। যদিও সরকারের যুক্তি, প্রশাসনিক শৃঙ্খলা ও কার্যকর তদন্তের স্বার্থেই এসব করা হয়েছে। পাশাপাশি কাঠামোগত সংস্কার ছাড়াই র্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ করায় মানবাধিকারকর্মীরা উদ্বেগ জানিয়েছেন। সরকার একে বাহিনী আধুনিকায়নের উদ্যোগ বলে ব্যাখ্যা করেছে। এ ছাড়া সম্পত্তি হস্তান্তর বিলে দাতার আজীবন ভোগাধিকার রাখায় জামায়াতে ইসলামী একে শরিয়াহ পরিপন্থী বললেও সরকার একে প্রবীণদের নিরাপত্তার রক্ষাকবচ হিসেবে ব্যাখ্যা করেছে।
অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী এমন অবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান আমার মনে হয়, সবাইকে একই পথে আসার সুযোগ তৈরি করেছে। রংপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে ঐক্যের সুফল প্রত্যাশী মানুষের মতো সব পক্ষেরই এখন এই উদ্যোগকে দেশ ও জাতীয় স্বার্থে কাজে লাগানো দরকার। কোনো ধরনের সময়ক্ষেপণ না করে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়া দরকার। নিজেদের বোঝার সুবিধার্থেই রাজনৈতিক ঐক্যসংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছি। এ ক্ষেত্রে রাজনীতির পথ ধরে উঠে আসা মানুষ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাজে লাগাতে পারি। তবে সবকিছুর ভিত্তি হওয়া দরকার প্রায় ৬৯ শতাংশ মানুষের সমর্থন পাওয়া জুলাই জাতীয় সনদ। মানুষের আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদকে জনগণের প্রত্যয়ে রূপান্তর করা দরকার বলে আমার মনে হয়। তাহলে গণমানুষ নিজেদের শক্তিশালী মনে করবে। মানুষ শক্তিশালী হলে অপশক্তি দ্রুত দুর্বল ও নিষ্ক্রিয় হবে।
লেখক: সাহিত্য ও সংস্কৃতিজন, ঠাকুরগাঁও।