EN ☀️
×

Follow Us

মতামত

শ্রমিকের ন্যায্য পাওনা: প্রয়োজন তিন অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো

ড. এম এ মান্নান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

শ্রমিকের ন্যায্য পাওনা: প্রয়োজন তিন অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো
অ অ

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সরকার ইতোমধ্যে অষ্টম ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, মালিকপক্ষও তাদের পাল্টা প্রস্তাব তৈরির প্রস্তুতি নিচ্ছে।

এখানে মূল চ্যালেঞ্জ হলো এমন একটি সমাধান খুঁজে বের করা, যা শ্রমিকদের জন্য ন্যায্য, কারখানার মালিকদের জন্য আর্থিকভাবে টেকসই এবং দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। একটি অভিন্ন জাতীয় ন্যূনতম মজুরি কাঠামোর মাধ্যমে এই তিনটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা কঠিন।

এর সমাধান হতে পারে একক জাতীয় মজুরি নয়, বরং তিন অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি ব্যবস্থা।

এক দেশ, কিন্তু তিন ধরনের অর্থনৈতিক বাস্তবতা

বাংলাদেশ একটি দেশ হলেও দেশের সব অঞ্চলে জীবনযাত্রার ব্যয় সমান নয়।

ঢাকা কিংবা চট্টগ্রামে বসবাসকারী একজন পোশাকশ্রমিকের বাড়িভাড়া ও যাতায়াত ব্যয় প্রত্যন্ত অঞ্চল কিংবা অপেক্ষাকৃত কম ব্যয়ের শিল্পাঞ্চলে বসবাসকারী শ্রমিকের তুলনায় অনেক বেশি। বড় শহরগুলোতে শ্রমিকদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় খাবার এবং গণপরিবহন বা ব্যক্তিগত যাতায়াতে ব্যয় করতে হয়। অন্যদিকে, ছোট শহর ও গ্রামীণ এলাকায় অনেক শ্রমিক পরিবারের সঙ্গে বসবাস করতে পারেন। ফলে তাঁদের আবাসন ব্যয় কম হয় এবং তুলনামূলক কম খরচে কর্মস্থলে যাতায়াত সম্ভব হয়।

ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে এসব বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক অভিজ্ঞতাও দেখায়, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ সম্ভব। চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া আঞ্চলিক বা ভৌগোলিক পার্থক্য বিবেচনায় মজুরি নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও দেশগুলোর কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতিতে পার্থক্য রয়েছে।

তিন অঞ্চলভিত্তিক মজুরি ব্যবস্থা চালু করা গেলে দেশের অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলে নতুন শিল্প বিনিয়োগ উৎসাহিত হবে, প্রচলিত শিল্পাঞ্চলের বাইরে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক কারখানার অতিরিক্ত ঘনত্ব কমানো সম্ভব হবে।

প্রস্তাবনা ১: বাড়িভাড়াকে প্রধান বিবেচনায় রেখে তিন অঞ্চলভিত্তিক মজুরি

ব্যবস্থাটিকে সহজ, স্বচ্ছ ও প্রশাসনিকভাবে বাস্তবায়নযোগ্য করতে আমার প্রস্তাব হলো, তিনটি অঞ্চলেই মূল বেতন, খাদ্য ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা একই থাকবে। শুধু বাড়িভাড়া ভাতা সংশ্লিষ্ট এলাকার আবাসন ব্যয়ের ভিত্তিতে ভিন্ন হবে।

প্রস্তাবিত ভৌগোলিক শ্রেণিবিন্যাস হলো, জোন-১ বা প্রধান শিল্পনগরীর মধ্যে থাকবে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো বড় শিল্পাঞ্চল। জোন-২ বা মাঝারি ব্যয়ের শহরের মধ্যে থাকবে সিলেট, কুমিল্লা ও খুলনার মতো শহর। আর জোন-৩ বা অপেক্ষাকৃত কম ব্যয়ের শহর ও শিল্পাঞ্চলের মধ্যে থাকবে রংপুর, দিনাজপুর, রাজশাহী ও বরিশালসহ সমপর্যায়ের অন্যান্য এলাকা।

আলোচনার জন্য প্রস্তাবিত প্রাথমিক পর্যায়ের মজুরি কাঠামো অনুযায়ী, তিনটি অঞ্চলেই মূল বেতন হবে ৮ হাজার ৫০০ টাকা। তবে বাড়িভাড়া ভাতায় পার্থক্য থাকবে। জোন-১-এ বাড়িভাড়া ধরা হয়েছে ৪ হাজার ২৫০ টাকা, জোন-২-এ ৩ হাজার টাকা এবং জোন-৩-এ ২ হাজার ১২৫ টাকা। অন্যদিকে, তিনটি অঞ্চলেই খাদ্য ভাতা ১ হাজার ৫০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং যাতায়াত ভাতা ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এই হিসাব অনুযায়ী, জোন-১ বা বড় শহরগুলোতে একজন শ্রমিকের মোট মাসিক মজুরি হবে ১৫ হাজার ২৫০ টাকা। জোন-২ বা মাঝারি ব্যয়ের শহরগুলোতে তা হবে ১৪ হাজার টাকা এবং জোন-৩ বা অপেক্ষাকৃত কম ব্যয়ের শহরগুলোতে মোট মাসিক মজুরি দাঁড়াবে ১৩ হাজার ১২৫ টাকা।

ঢাকা ও চট্টগ্রামে তুলনামূলক বেশি মজুরি নির্ধারণ করা হলে এসব অঞ্চলে শ্রমিক অসন্তোষ কমাতে সহায়ক হতে পারে। একই সঙ্গে নতুন কারখানা গ্রামীণ ও অপেক্ষাকৃত কম ব্যয়ের অঞ্চলে স্থাপনে উৎসাহিত হবে। এতে যেখানে কর্মসংস্থানের প্রয়োজন বেশি, সেখানে নতুন কাজের সুযোগ তৈরি হবে।

এই কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হলো স্বচ্ছতা। শ্রমিকরা সহজেই বিষয়টি বুঝতে পারবেন, মালিকরা ব্যয় পরিকল্পনা করতে পারবেন এবং সরকারের পক্ষেও বাস্তবায়ন সহজ হবে।

প্রস্তাবনা ২: বার্ষিক বেতন বৃদ্ধি মূল বেতনের ওপর ৫ শতাংশ

বর্তমানে ইপিজেডভুক্ত কারখানার শ্রমিকদের জন্য মূল বেতনের ওপর ১০ শতাংশ এবং বিডার আওতাভুক্ত কারখানার শ্রমিকদের জন্য ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের যে ব্যবস্থা রয়েছে, তা মালিকদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে। এটি নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে এবং মালিক-শ্রমিক সম্পর্কেও বিরোধ সৃষ্টি করতে পারে।

একটি টেকসই মজুরি নীতিতে শ্রমিকদের ক্রয়ক্ষমতা এবং শিল্পের ক্রমবর্ধমান ব্যয় বহনের সক্ষমতা—দুটিই বিবেচনায় নিতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর বাস্তবতা এখানে গুরুত্বপূর্ণ।

আমার প্রস্তাব হলো, মোট বেতনের ওপর সরাসরি শতাংশ বৃদ্ধি না করে মূল বেতনের ওপর বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনা করা যেতে পারে।

বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ

বাংলাদেশের শিল্প খাত এখনো নিম্নমূল্য সংযোজনের একটি চক্রে আটকে রয়েছে। শ্রমিকদের উৎপাদনশীলতা, অটোমেশন এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পাওয়া পণ্যমূল্য না বাড়িয়ে কারখানার মালিকদের ওপর হঠাৎ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির চাপ সৃষ্টি করা হলে ছোট ও মাঝারি কারখানাগুলো আর্থিক সংকটে পড়তে পারে। এর ফলে দেশের বিদ্যমান বেকারত্ব পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক বিতর্কে বর্তমানে দুটি বিষয় ঘনিষ্ঠভাবে জড়িত। একদিকে শিল্পের বহুমুখীকরণের অভাবে শিক্ষিত বেকারত্ব বাড়ছে, অন্যদিকে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। শ্রমিকরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করছেন। অন্যদিকে, মালিকদের যুক্তি হলো, আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় শ্রমিকদের ঘণ্টাপ্রতি উৎপাদনশীলতা কম এবং মুনাফার পরিমাণ সীমিত হওয়ায় এই মজুরি বহন করা কঠিন।

শিক্ষিত বেকারত্বের সংকট

বাংলাদেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ থেকে ৪ দশমিক ৪৮ শতাংশের মধ্যে থাকলেও এই পরিসংখ্যানের আড়ালে তরুণ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে গভীর কাঠামোগত বেকারত্বের চিত্র রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে বেকার স্নাতকের সংখ্যা ২০১৭ সালের ৪ লাখ ৫ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ৮ লাখ ৮৫ হাজারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের সেপ্টেম্বরের একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী মাধ্যমিক-পরবর্তী শিক্ষায় শিক্ষিত তরুণদের প্রায় ৩৬ শতাংশ বেকার। অথচ সামগ্রিক যুব বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ।

প্রতিবছর প্রায় ২২ থেকে ২৩ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেন। তাঁদের মধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক। বিডিজবসের ২০২৬ সালের প্রথম ছয় মাসের তথ্য অনুযায়ী, প্রতিটি বিজ্ঞাপিত চাকরির বিপরীতে গড়ে ৫১৩ জন প্রার্থী আবেদন করেছেন। এটি সীমিত সংখ্যক চাকরির বিপরীতে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যয় সাশ্রয়ের গুরুত্ব

বাংলাদেশে ন্যূনতম মজুরি যদি ২৪২ ডলারের কাছাকাছি পৌঁছে যায়, যা শ্রমিকদের প্রস্তাবিত ৩০ হাজার টাকার সমপরিমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে দেশের মজুরির ভিত্তি ভারতের তুলনামূলক অবস্থানের চেয়েও ওপরে চলে যেতে পারে। এতে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগিতামূলক সুবিধা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ক্রেতারা উৎপাদন ব্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। আন্ডারলাইনস সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবার মজুরি বৃদ্ধির ধাক্কায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ভিয়েতনাম বা ইথিওপিয়ার মতো বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকছে। ঝুঁকি কমাতে খুচরা বিক্রেতারাও বিকল্প উৎস খুঁজছেন।

বিদেশের অভিজ্ঞতা: ফিলিপাইন ও ভিয়েতনাম

তৈরি পোশাক রপ্তানিকারক অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে দ্রুত মজুরি বৃদ্ধির সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ফিলিপাইন: বিনিয়োগ হারানোর সতর্কবার্তা

একসময় ফিলিপাইনের শক্তিশালী জুতা ও পোশাকশিল্প ক্রমাগত মজুরি বৃদ্ধির কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। বাংলাদেশ, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো তুলনামূলক কম ব্যয়ের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে ওঠে।

ফিলিপাইনের জয়েন্ট ফরেন চেম্বার্সের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে ন্যূনতম মজুরি বেশি হওয়ায় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) অন্য দেশে চলে যাচ্ছে।

১৯৭০ থেকে ২০১০ সালের মধ্যে ফিলিপাইন ৩৪ বিলিয়ন ডলারের এফডিআই আকর্ষণ করেছিল। একই সময়ে ভিয়েতনাম ৫৭ বিলিয়ন এবং থাইল্যান্ড ১০৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছিল। উচ্চ শ্রমব্যয়কে এই পার্থক্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতেও দেশটির পোশাকশিল্পে তিন বছরে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান হারানোর তথ্য তুলে ধরা হয়েছে। একটি শিল্প সংগঠনের আশঙ্কা, প্রস্তাবিত ১০০ পেসো মজুরি বৃদ্ধি শ্রমব্যয় ২১ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এতে বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে চলে যেতে পারেন।

ভিয়েতনাম: বাড়তি মজুরির চাপ

চীনের বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত ভিয়েতনামও বর্তমানে বাড়তি শ্রমব্যয়ের চ্যালেঞ্জের মুখোমুখি। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির ন্যূনতম মজুরি ৪ দশমিক ৫ গুণ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার অনেক প্রতিষ্ঠান এখনো সেখানে ব্যবসা পরিচালনা করলেও বিশেষ করে বস্ত্র ও জুতা খাতে ব্যবসায়িক পরিস্থিতির অবনতির কথা জানিয়েছে।

এ ছাড়া শ্রমব্যয় বৃদ্ধির কারণে কিছু ব্যয়সচেতন চীনা ও মার্কিন প্রতিষ্ঠান ভিয়েতনাম থেকে সরে যাওয়ার উদ্যোগ নিয়েছে। কিছু উৎপাদনাদেশ আবার চীনে ফিরে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

ইথিওপিয়ার চ্যালেঞ্জ: কম মজুরির প্রতিযোগিতা

বাংলাদেশের জন্য এই প্রতিযোগিতার হুমকি কাল্পনিক নয়। ইথিওপিয়া বিশ্বের অন্যতম কম মজুরির দেশ হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে এবং নিজেকে নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার পোশাকশ্রমিকদের মাসিক আয় মাত্র ২৬ ডলার পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশের বর্তমান ৯৫ ডলারের ন্যূনতম মজুরির প্রায় এক-চতুর্থাংশ।

এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডও ইথিওপিয়ার শ্রমব্যয়ের তুলনামূলক সুবিধাকে সেখানে উৎপাদন স্থানান্তরের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ যদি কম ব্যয়ের উৎপাদন বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারায়, তাহলে ইথিওপিয়াসহ অন্যান্য কম মজুরির দেশ সেই বিনিয়োগ আকর্ষণের সুযোগ পাবে।

বাংলাদেশের উন্নয়নের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ

তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এর অবদান প্রায় এক-দশমাংশ।

এই নির্ভরশীলতার কারণে পোশাকশিল্পে বিনিয়োগের বড় ধরনের ধাক্কা পুরো অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ শুধু কারখানায় কর্মসংস্থান সৃষ্টি করে না; এর মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের নিম্নমূল্যের উৎপাদননির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য অর্জনে এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিনিয়োগকারীরা যদি নতুন বিনিয়োগ স্থগিত করেন কিংবা অন্য দেশে চলে যান, তাহলে শুধু বর্তমান কর্মসংস্থানই ক্ষতিগ্রস্ত হবে না, ভবিষ্যতে শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগও সংকুচিত হবে।

সামনে এগোনোর পথ: ভারসাম্যপূর্ণ ও টেকসই মজুরি নীতি

এটি ন্যায্য মজুরির বিরোধিতা করার কোনো যুক্তি নয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো আয় নিশ্চিত করার দাবি যৌক্তিক। এই শিল্পের সাফল্যের ভিত্তিও শ্রমিকদের শ্রম ও উৎপাদনশীলতা। তবে এমনভাবে মজুরি বাড়াতে হবে, যাতে হঠাৎ বিনিয়োগে ধস না নামে।

এ কারণেই জীবনযাত্রার প্রকৃত ব্যয় ও পরিচালন ব্যয়ের পার্থক্য বিবেচনায় তিন অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি ব্যবস্থা সারা দেশে একই হারে মজুরি বৃদ্ধির তুলনায় অধিক টেকসই সমাধান হতে পারে। এর মাধ্যমে ঢাকার মতো উচ্চ ব্যয়ের শহরে শ্রমিকদের ক্রয়ক্ষমতা সুরক্ষিত রাখা সম্ভব হবে। একই সঙ্গে গ্রামীণ ও অপেক্ষাকৃত কম ব্যয়ের অঞ্চলের কারখানাগুলোর আর্থিক সক্ষমতা বজায় রাখা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ আকর্ষণের পরিবেশ ধরে রাখা যাবে।

বাস্তবতা বিবেচনা না করে মজুরি নীতি নির্ধারণ করা হলে তা যে উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে, তার উল্টো ফল বয়ে আনতে পারে। শ্রমিকদের দারিদ্র্য থেকে মুক্ত করার পরিবর্তে কারখানা বন্ধ এবং বিনিয়োগ প্রত্যাহারের কারণে তাঁদের বেকারত্বের দিকে ঠেলে দিতে পারে।

তাই ন্যূনতম মজুরি বোর্ড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং সরকারকে উচ্চ মজুরির দাবি ও বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতা বজায় রাখার প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে।

কারণ বাংলাদেশের লক্ষ্য শুধু ন্যায্য মজুরি নিশ্চিত করা নয়; একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের বিকাশ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের পথও উন্মুক্ত রাখা।

লেখক: ড. এম এ মান্নান, সাবেক সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)

আরও পড়ুন