পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে পোশাকশিল্প?
শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে
অদিতি করিম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
অদিতি করিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি যখন নানামুখী সংকটে, তখন পোশাক খাতের অস্থিরতা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখার সময় এসেছে। পাশাপাশি এই সংকট আর বাড়তে না দিয়ে দ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির মাধ্যমে পোশাক খাত নিয়ে চলমান ষড়যন্ত্র বন্ধ করা প্রয়োজন।
বিভিন্ন মহল মনে করছে, বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে পেছনে ফেলার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এটি কেবল কোনো রাজনৈতিক দলের কাজ নয়। এর পেছনে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের তৎপরতা রয়েছে।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। এ খাত থেকেই আসে দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে টেক্সটাইলসহ অসংখ্য শিল্প। লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এই খাত। বর্তমানে বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ হাজারের বেশি গার্মেন্টস কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত। এই ৫০ লাখ শ্রমিকের পরিবারের সদস্যদের হিসাব করলে কমপক্ষে দেড় থেকে দুই কোটি মানুষ এ খাতের সঙ্গে জড়িত। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় ৮০ শতাংশ।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান অনস্বীকার্য হলেও পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন এখনো অন্যতম প্রধান চ্যালেঞ্জ। শ্রমিকদের জীবনযাত্রার মান সরাসরি তাঁদের কর্মক্ষমতা ও দেশের টেকসই উন্নয়নের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে অস্থিরতার অন্যতম কারণ শ্রমিকদের মজুরি। ন্যূনতম মজুরি নির্ধারণকে ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা।
বাংলাদেশে পোশাকশ্রমিকেরা এক মাসের বেশি সময় ধরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। প্রতিদিন তাঁরা রাস্তায় নামছেন। বন্ধ রাখতে হচ্ছে কারখানা। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। গাজীপুর ও সাভারে দুই শ্রমিক নিহত হয়েছেন। মালিকেরা বলেছেন, শ্রমিকেরা কাজ না করলে মজুরি ছাড়াই কারখানা বন্ধ করে দেবেন।
সম্প্রতি বিবিসি বাংলা গাজীপুরের একটি শ্রমিক বসতিতে গিয়ে সরেজমিনে যে প্রতিবেদন করেছে, তাতে দেখা গেছে, মাসের ১৫ দিন পার হতে না হতেই শ্রমিক পরিবারগুলোর টাকা ফুরিয়ে আসছে। শুধু ভাত, ডাল ও আলুভর্তা খেয়েই কোনো রকমে দিন পার করতে হচ্ছে তাঁদের। এক নারী শ্রমিক বলেছেন, ‘দুই মাস মাছ খাই না, গন্ধ ভুইলা গেছি।’
পোশাকশ্রমিকদের বর্তমান মজুরি ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হলেও তা জীবনযাপনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তিন বছর ধরেই শ্রমিকেরা মজুরি বৃদ্ধির আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেবার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা। এবার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।
এবার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি প্রভাবকের ভূমিকা রেখেছে। শুধু তৈরি পোশাকশিল্প নয়, বেসরকারি সব খাতেই বেতন-ভাতা ও মজুরি যৌক্তিকভাবে বাড়ানোর চাহিদা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তৈরি পোশাকশিল্প শ্রমঘন হওয়ায় একই এলাকায় বসবাসকারী শ্রমিকদের মধ্যে সংগঠিত হওয়ার প্রবণতা বেশি।
উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ক্ষেত্রে কারও ভিন্নমত থাকার কারণ নেই। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত যে দূরদর্শী ছিল না, শ্রমিক আন্দোলনই তার বড় প্রমাণ। ১৫ লাখ সরকারি চাকরিজীবীর ভালো-মন্দ দেখাই কি সরকারের একমাত্র দায়িত্ব? বাকি সাড়ে ১৭ কোটি মানুষের ভালো-মন্দের দেখভালের দায়িত্ব কে নেবে?
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর পর বিভিন্ন মহল থেকেই পোশাকশিল্পসহ সব খাতে ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ এবং যৌক্তিকভাবে বেতন-ভাতা ও মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সময়মতো উদ্যোগ নেওয়া হয়নি। যথাসময়ে উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে যেত না। প্রশ্ন উঠেছে, সরকারের ভেতরে কি ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে আছে, যারা সরকারকে ভুল পরামর্শ দিচ্ছে? কারণ, সরকারের মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই গত সোমবারের মজুরি বোর্ডের সভা বাতিল করা হয়। কে, কেন এই সভা বাতিল করল, তা খতিয়ে দেখা দরকার।
তৈরি পোশাকশিল্প কাগজে-কলমে আনুষ্ঠানিক খাত হলেও বাস্তবে ট্রেড ইউনিয়নসহ শ্রমিকদের তেমন কোনো অধিকার নেই বললেই চলে। ফলে মালিকপক্ষ বা সরকারের সঙ্গে দর-কষাকষির জন্য তাঁদের কোনো আইনি প্রতিনিধি নেই। নিপীড়ন, বকেয়া পাওনা কিংবা মজুরি বৃদ্ধির দাবিদাওয়া—যেকোনো বিষয়ে শ্রমিকেরা রাস্তায় নেমেই নিজেদের দাবি জানান।
এ ধরনের আইনি অধিকারহীন বাস্তবতা শ্রমিকদের মধ্যে এমন ধারণা তৈরি করেছে যে মজুরি বৃদ্ধির আন্দোলনে শেষ পর্যন্ত রাস্তায় না থাকলে তাঁদের মজুরি বাড়ানো হবে না, কিংবা তাঁরা ঠকে যাবেন। আর মালিক-শ্রমিকের অবিশ্বাসের সুযোগ নিচ্ছে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা।
কাঁচামাল আমদানিনির্ভরতা, বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চয়তা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বন্দরের জটিলতা, ব্যাংকিং ও অর্থায়ন সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে উদ্যোক্তাদের। এর মধ্যে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়া শিল্পের জন্য নতুন বিপর্যয় তৈরি করছে। তবে এই শিল্প ধ্বংস হলে শুধু মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন না, সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়বেন সাধারণ শ্রমিক ও তাঁদের পরিবার। তাই আমাদের মতপার্থক্য থাকতে পারে, দাবি-দাওয়া থাকতে পারে, শ্রমিক-মালিকের স্বার্থের দ্বন্দ্বও থাকতে পারে। কিন্তু কোনো সমস্যার সমাধান শিল্পকারখানা ধ্বংস করে হতে পারে না। তাই দেশের পোশাকশিল্পকে রক্ষা করতে হবে।
শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা করতে হবে। উদ্যোক্তাদের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রথম ধাপ হলো জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং তা নিয়মিত পরিশোধ করা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে শ্রমিকদের মজুরির ব্যবধান অনেক সময় এতটাই বেশি থাকে যে মাস শেষ হওয়া তো দূরের কথা, দুবেলা ডাল-ভাত জোগাড় করতেই তাঁদের হিমশিম খেতে হয়। এ ছাড়া কারখানায় অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা, পর্যাপ্ত আলো-বাতাস, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটির মতো মৌলিক অধিকারগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কারণ, পোশাকশিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে, কর্মসংস্থান বাঁচলে অর্থনীতি বাঁচবে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বড় শক্তি বিদেশি ক্রেতাদের আস্থা। চার দশক ধরে দেশের উদ্যোক্তা ও শ্রমিকেরা এই আস্থা অর্জন করেছেন। সময়মতো পণ্য সরবরাহ, তুলনামূলক কম দাম এবং ভালো মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের শক্ত অবস্থান তৈরি হয়েছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে।
বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের বিকল্প খুঁজছেন। ইতোমধ্যে কিছু ক্রেতা প্রতিষ্ঠান তাদের ক্রয়াদেশ ভারত, ভিয়েতনামসহ অন্য দেশে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। বিষয়টি দেশের রপ্তানি আয়ের জন্যও বড় উদ্বেগের।
সরকারকে সমস্যার মূলে যেতে হবে। কাউকে দায়ী করে সমস্যার সমাধান হবে না। সঠিক কারণ না খুঁজে গণহারে দোষারোপের কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। শ্রমিকদের মজুরি নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছালেই বর্তমান সংকটের নিরসন সম্ভব। শ্রমিকদের দাবি পূরণে যত বিলম্ব হবে, ততই সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা। তাই আর এক মুহূর্ত দেরি না করে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে হবে সবাইকে। দেশের স্বার্থেই এটি জরুরি।
অদিতি করিম: লেখক ও নাট্যকার