অদিতি করিম।
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। সত্তর দশকের শেষ দিকে যখন এই খাতের যাত্রা শুরু হয়, তখনও কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক দশকের মধ্যেই এটি বৈশ্বিক পোশাক রপ্তানির শীর্ষস্থানীয় দেশগুলোর একটিতে পরিণত হবে। সস্তা শ্রম, অনুকূল সরকারি নীতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার কারণে এই খাত অতি দ্রুত বিস্তার লাভ করেছে। বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে কর্মরত, যাদের বেশিরভাগই নারী। নারীর ক্ষমতায়নে এবং দারিদ্র্য বিমোচনে এই শিল্পের অবদান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের পোশাক শিল্পের অভূতপূর্ব বৃদ্ধির পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মূল কারণ হিসেবে বলা যায়, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকের সহজলভ্যতা এবং তাদের মজুরি তুলনামূলকভাবে কম হওয়া।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের বেতন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমানে কার্যকর সরকারি মজুরি কাঠামো অনুযায়ী পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মোট মজুরি ১২,৫০০ টাকা (প্রায় ১০১ মার্কিন ডলার)। পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় শ্রমিকদের মাসিক গড় আয় ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুযায়ী প্রায় ৫১৭ থেকে ৫৭৬ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। তুরস্কে অদক্ষ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন প্রায় ৫০,০০০ টাকা (বাংলাদেশি মুদ্রায় সমতুল্য) এবং দক্ষ শ্রমিকদের প্রায় ৭২,০০০ টাকা। বাংলাদেশের পোশাক শ্রমিকদের শ্রমে ঘামে এই খাত বিকশিত হয়েছে। কিন্তু তারাই সবচেয়ে অবহেলিত।
পোশাক শিল্পের অধিকাংশ মালিকই বিশাল বিত্তশালী হয়েছেন এই খাতে ব্যবসা করে। দেশে ধনীদের তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে গার্মেন্টস মালিকদের। গার্মেন্টস মালিকদের এই বিত্তবান হবার পেছনে সবচেয়ে বেশি অবদান শ্রমিকদের। অনেক মালিক শ্রমিকদের বেতন কম দিয়ে, নানাভাবে তাদের বঞ্চিত করে বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন। শুধু দেশেই নয় বিদেশেও বাড়ির মালিক হয়েছেন।তাদের জীবন বিলাসিতায় ভরপুর হলেও যে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে মালিকদের জীবন পাল্টে দিয়েছেন তাদের অনেকেই দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জোগাড় করতে পারেনা।
দিনান্ত পরিশ্রম করে তারা মানবেতর জীবনযাপন করে। বস্তির অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা তাদের সন্তানরা শিক্ষার নূন্যতম সুযোগ পায় না। দেশের বেশিরভাগ পোশাক কারখানায় স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ নেই। শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়ত শ্রমিকরা এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হন।
বর্তমান সময়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি তাই এখন সময়ের দাবি। পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের পদ্ধতিগত ত্রুটি থাকতেই পারে। দাবি আদায়ের জন্য শ্রমিকরা যে জ্বালাও পোড়াও করেছে তা অনুচিত হয়েছে। যে প্রতিষ্ঠানে তারা কাজ করে সেই কারখানা ভাঙচুর করা কখনোই কাম্য নয়। তাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ পথ ছিল। তাদের আন্দোলনের পথ সঠিক না হলেও তাদের দাবি যৌক্তিক।
সরকারও মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে। গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে। অন্যদিকে, মালিকপক্ষকে চারদিন সময় দেওয়া হয়েছে এবং তারা ১৫ নভেম্বর জমা দিবেন বলে জানিয়েছেন। ১৬ নভেম্বর মজুরি বোর্ডের সভায় বেতন বৃদ্ধি সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি।
পোশাক খাতের চলমান অস্থিরতা দ্রুত নিরসন করা দরকার। নাহলে সংকটে থাকা অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে। সেখান থেকে বেরিয়ে আসার পথ বন্ধ হয়ে যাবে। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবের বিপরীতে নিম্নতম মজুরি বোর্ডে আগামী সোমবার মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। এদিকে শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন মালিকদের সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এই সভায় বর্তমান পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।
এর ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। চলমান অস্থিরতা অব্যাহত থাকবে। সহিংসতা বাড়তে পারে। এর ফলে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই মালিকদের নিজেদের স্বার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে।
২০২৩ সালের ডিসেম্বরে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল। তারপর যুদ্ধ, মূল্যস্ফীতি, গ্যাস-সংকট ইত্যাদি মিলিয়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, আর মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ। এভাবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে চার বছর টানা মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ সাড়ে চার বছর ধরে শ্রমজীবী মানুষের প্রকৃত আয় প্রতি মাসেই কমেছে। খরচ বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ, বেতন বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। বেতনে প্রতি ১ টাকা বৃদ্ধির বিপরীতে খরচ বেড়েছে ৩ টাকা। কোথা থেকে আসবে অতিরিক্ত এই টাকা?
গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের ২০২৫ সালের হিসাব বলছে, ঢাকায় চারজনের পরিবারে (যেখানে উপার্জনকারী গড়ে ১.৫৮ জন) একজন শ্রমিকের জীবনধারণ মজুরি মাসে ৩০ হাজার ৪৫৯ টাকা। শ্রমিকদের দাবি ৩০ হাজার টাকা আন্তর্জাতিক গবেষণার হিসাবের সঙ্গে প্রায় হুবহুই মিলে যায়।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন ১৩১ (১৯৭০) মতে, ন্যূনতম মজুরি ঠিক করার সময় শ্রমিক ও তাঁর পরিবারের প্রয়োজন এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিতে হবে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মজুরি সমন্বয় বহু দেশেই প্রচলিত নিয়ম।
অর্থনীতিবিদ জর্জ আকারলফ, কার্ল শাপিরো ও জোসেফ স্টিগলিৎসের ‘দক্ষতা মজুরি’ তত্ত্ব বলে, ভালো মজুরি পেলে শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ে, চাকরি ছেড়ে যাওয়ার হার কমে, প্রশিক্ষণের খরচ বাঁচে। অর্থনীতিবিদ ডেভিড কার্ড ও অ্যালান ক্রুগার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দেখিয়েছিলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর পর কর্মসংস্থান কমেনি। কারখানার উৎপাদন বেড়েছে।
বাজার অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তাঁর ‘দ্য ওয়েলথ অব নেশনস’-এ লিখেছিলেন, মানুষকে তার শ্রম দিয়েই বাঁচতে হয়, তাই মজুরি অন্তত এতটুকু হতে হবে, যাতে সে নিজেকে টিকিয়ে রাখতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে তার চেয়ে কিছুটা বেশিই হওয়া উচিত, নইলে সে পরিবার প্রতিপালন করতে পারবে না। বাজারের সবচেয়ে বড় প্রবক্তাও মজুরির নৈতিক ভিত্তিটি মানার সুপরামর্শ দিয়ে গেছেন।
আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ডগুলো বছরের পর বছর পোশাকের দাম নিয়ন্ত্রণে রেখেছে। শ্রমিকের মজুরির খরচ ক্রয়মূল্যের মধ্যে আলাদা করে সুরক্ষিত রাখতে তাদের সম্মত করানোর জন্য মালিকদের এবং সরকারের যৌথ উদ্যোগ নেয়া প্রয়োজন।
মালিকপক্ষকেও মুনাফার ন্যায্য অংশটি মজুরিতে দিতে হবে।
আর রাষ্ট্রকে রেশন, ভর্তুকি মূল্যে নিত্যপণ্য, বাসস্থান ও যাতায়াত সহায়তার মাধ্যমে ঘাটতির একটি অংশ পূরণ করার ব্যবস্থা করতে হবে। মজুরি বৃদ্ধির বিপরীতে মালিকদের পক্ষ থেকে যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে, বাজার অনিশ্চিত। ক্রেতারা দাম বাড়াতে চায় না। ভিয়েতনাম ও কম্বোডিয়ার সঙ্গে প্রতিযোগিতা তীব্র।
হঠাৎ মজুরি দ্বিগুণ হলে ছোট কারখানা বন্ধ হয়ে চাকরি হারানোর ঝুঁকি শ্রমিককেই চাকরিহীন ও ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু এটি মুক্তবাজার অর্থনীতির কথা হতে পারে না। অর্থনীতির সূত্র বলে, বেতন বৃদ্ধির ফলে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। শ্রমিকদের কাজে উৎসাহ বাড়ে, দক্ষতা বাড়ে। চিন্তা মুক্ত হয়ে তারা কাজে মনোযোগী হন। এতে শেষ বিচারে লাভ হয় মালিকের। তাই মালিকরা নিজেদের স্বার্থেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেবেন বলে আশা করি।
মালিকদের শ্রমিকরা অনেক দিয়েছেন। শ্রমিকদের কারণেই মালিকরা ধনাঢ্য হয়েছেন। পোশাক শিল্পে শ্রমিকরা হলেন মালিকদের ‘সোনার ডিম পাড়া হাঁস’। তাই এই হাঁসকে মেরে ফেলবেন না। তাহলে সবচেয়ে বেশি লোকসান হবে মালিকদেরই।
অদিতি করিম: লেখক ও নাট্যকার।
ইমেইল: [email protected]