ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচনী রায়: মানুষ ও মানবতার সমন্বয়
মাসুদ আহাম্মদ সুবর্ন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ৪ঠা নভেম্বর, ২০২৫ অনুষ্ঠিত নির্বাচনে যখন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের গতি যে নিম্ন সেটা বেশ বোঝা গিয়েছিল। কেননা মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়ে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না। নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। প্রথম মুসলিম মেয়র মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
জনসমর্থনের এমন নিম্নমুখী অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মনে হয় অনেকটা হতবিহ্বল হয়ে বিশ্বরাজনীতিতে নিজের গুরুত্ব বাড়াতে ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে মিলে ইরানে যৌথ বিমান হামলা শুরু করেন জাতিসংঘসহ বিশ্বের প্রচলিত কোন নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে। যদিও হোয়াইট হাউজের পক্ষ থেকে এই পদক্ষেপকে মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষা, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি নস্যাৎ করার কৌশল হিসেবে দাবি করা হয়েছিল। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলের ওপর গাজার হামাসদের হামলার নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং দেশের রাজনীতিতে নিজের গুরুত্ব ও জনসমর্থন বাড়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাথে মিলে অযথাই ইরানে যৌথ বিমান হামলায় যোগ দেন। যদিও নেতানিয়াহু বিমান হামলায় যোগ দেওয়ার সিদ্ধান্তকে দেশের অস্তিত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিতকরণের একমাত্র পথ হিসেবে উপস্থাপন করেন। ট্রাম্প এবং নেতানিয়াহু উভয়েরই লক্ষ্য দেশে তো বটেই সেই সাথে বিশ্বের রাজনীতিতে যেনতেন প্রকারে নিজেদের প্রাসঙ্গিক রাখা।
কিন্তু অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল! ২০২৬ সালের ২৭শে অক্টোবরের ইসরায়েলের সাধারণ নির্বাচনে উদ্দীপ্ত নেতানিয়াহু ও তার দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়েছেন। আবার ৩রা নভেম্বরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে (প্রতিনিধি পরিষদ ও সিনেট এবং গভর্নর) ডোনাল্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি উভয়ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রবল পরাক্রমশালী ট্রাম্প নিজের ক্ষমতা হারিয়ে নয় বরং ক্ষমতা প্রয়োগ করতে না পারার যন্ত্রণায় পড়েছে। নির্বাচনী ফলাফলে তাদের ভাবমূর্তি মনে হয় মূর্তি হিসেবেই থেকে গেল! রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধিয়ে বিশ্বজুড়ে জটিলতা পাকিয়ে এখন নির্বাচনী যুদ্ধে হেরে নিজেরাই নিজেদের হুমকীর মুখে ফেললেন! এমনই হয়। অন্যদের ক্ষতি করলে নিজেরও ভাবমূর্তিসহ সামগ্রিক ক্ষতি হয়!
নেতানিয়াহু প্রশাসন যাই বলুক না কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ভোটারদের একটি অংশ লিকুদ পার্টির ওপর থেকে আস্থা হারায়। ট্রাম্প প্রশাসন যাই বলুক না কেন ভোটাররা যুদ্ধজনিত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্পের শুল্কনীতি এবং রিপাবলিকান দলের জনমতকে গুরুত্ব না দেওয়ায় নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে তাদের রায় প্রকাশ করেছে। নির্বাচনের প্রেক্ষিতে এমন ভূমিধস জয়ে সংশ্লিষ্ট দেশগুলিতো বটেই বিশ্বব্যাপী মানুষ ও মানবতার মানসিক সমন্বয় ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না। থাকলে আমরা ভূমিধস জয় পেতাম।’ এটা মাননীয় ট্রাম্পের আত্মতুষ্টি!
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ইরান এর একটি অংশ ছিল।’ তবে যুদ্ধ নিয়ে তার অনুশোচনা নেই বলেও জানান। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ অযথা জটিলতা না বাড়িয়ে মানুষের রায় মেনে তার দেশের নির্বাচিত আইন প্রণেতাদের কাজ করার অনুরোধ জানিয়েছেন।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রে নির্বাচন নতুন নয়-ধারাবাহিক ভাবে হয়ে আসছে। তবে এবারের নির্বাচনে বিশ্ববাসীর আগ্রহ ছিল বেশ। কেননা চলমান নেতৃত্ব বুঝিয়েছিল তাদের দেশের মানুষের জন্য যুদ্ধ প্রয়োজন। কিন্তু বিশ্ববাসী অপেক্ষায় ছিল ঐ সমস্ত দেশের মানুষ আসলে সত্যিকার অর্থে কি বলে? নির্বাচনের মাধ্যমে ঐ সমস্ত দেশের মানুষ দেখিয়ে দিল না তাদের সাক্ষী রেখে বলা কথাগুলোর সব সত্যি নয়। তাদের অনেকে অধিকাংশ বিশ্ববাসীর সাথে তথা শান্তির পক্ষে, মানবতার পক্ষে! ইসরায়েলি ও মার্কিন ভোটাররা যুদ্ধের ফলে সৃষ্ট চলমান বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছে বেশি। কিন্তু নেতৃত্ব এখন না দেশে না বিদেশ কোথাও নিজেদের আর প্রাসঙ্গিক রাখতে ব্যর্থ হয়েছেন।
তথাকথিত যুদ্ধান্মাদনার কারণে বিশ্বব্যাপী তেল, গ্যাসসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য এবং খাদ্য বর্হিভূত পণ্যের দাম বেড়েছে। কষ্ট বেড়েছে প্রতিদিন মানুষের। ট্রাম্প হাসলেও নেতানিয়াহু বাঁকা চোখে তাকালেও এটাই বাস্তবতা যে, যুদ্ধের সাথে জড়িত অথবা জড়তি নয় সব শ্রেণির মানুষই অসহনীয় এক অবস্থায় পড়ে রীতিমত হাবুডুবু খাচ্ছে! কখন যে, তাল বেতালে যাচ্ছে, আবার কখন যে বেতাল তালে যাচ্ছে তার কোন ইয়ত্তা নাই! ভয়াবহ কষ্টকর আর উদ্ভ্রান্ত পরিস্থিতি! এমন পরিস্থিতি বিশ্বে বিরল।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ. পুতিন ২০২২ সালে থেকে ইউক্রেনের সাথে যুদ্ধ বাজিয়ে এখন ইউরোপের সাথে যুদ্ধের মতলব আটছেন। ইউরোপও নিজেদের যুদ্ধাক্রান্ত হিসেবে মোকাবিলায় সাজাচ্ছে। এ কি রে বাবা, যুদ্ধ ছাড়া এ সমস্ত দেশের নেতাদের কি কোন কাজ নাই। শুধু শুধু অযথা মানুষ ক্ষয়, সম্পদ ক্ষয় যা সামগ্রিকভাবে পৃথিবীরই লয়!
‘খালা, আরেকটু বট দেওয়া যায় না!’ মোবাইলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নির্বাচন সংক্রান্ত সংবাদ দেখতে দেখতে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর এলাকার উত্তরে টাঙ্গণ-সেনুয়া-চারাবান নদীর সংযোগস্থল এলাকায় গড়ে ওঠা ছেলেদের রিভারভিউ আর মেয়েদের সি.এম আইয়ুব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমেনা হোটেলের স্বত্বাধিকারী আমেনা খালার কথায় সম্বিৎ ফিরে তাকিয়ে দেখি আমার পার্শ্বে বসা ভোজনরত ব্যক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। একটু স্বাভাবিক হয়ে ওই ভদ্র লোকের উদ্দেশ্যে বললেন, দেওয়া তো যায়, তবে সম্ভব হবে না, ভাই! কাস্টমার তো লক্ষ্মী! তাদের আপ্যায়ন করতে পারলে ভালই লাগে। কিন্তু জিনিষ পত্রের দামের যা পরিস্থিতি! সবদিক সামলানো কঠিন! এদিকে কোথায় না কোথায় হচ্ছে রক্তের যুদ্ধ, আর আমাদের এখানে হচ্ছে দামের যুদ্ধ! তবে যুদ্ধ তো যুদ্ধই! সবকিছুরই দাম বেশি। মনমতো খাওয়ানো যায় না।’ খালার কথা শেষ হতেই পার্শ্ব থেকে একজন বলে উঠলেন, খালা, চিন্তা নেই, ট্রাম্প হেরে গেছেন! নেতানিয়াহুও হেরে গেছেন। যুদ্ধও হেরে গেছে! দাম কমলো বলে! খালা, মুখটা ভেছকায় বললেন, নাহ্, মনে হয় দাম আর কমবে না। ওরা হারছে তো কি হয়েছে? অন্যরা আছে না, তারা তো আর হারেনি। তারা এটা ওটা বলে ঠিকই দামের প্যাঁচ লাগিয়ে রাখেবে। এই প্যাঁচ থেকে মুক্তি নাই। ভাইরে, বয়স তো কম হলো না, খাওয়ার এই হোটেল দেওয়ারও তো কম দিন হলো না। আমাদের মতো গরিবদের আর শান্তি নাই!’
আমেনা খালার এই অন্য আরো থাকার যে প্রসঙ্গ তা বেশ যুৎসই মনে হলো। প্রায় সব জায়গাতেই এই অন্য আরোরা থাকে। অনেক কিছু মিটে গেলেও এরা সবকিছু মিটাতে দেয় না। এভাবে কথার মধ্যে যে যার মতো খাওয়ায় মন দিলাম। ঠাকুরগাঁও শহর লাগোয়া এই হোটেলটা মানসম্মত আর আমেনা খালার আপ্যায়নের আতিথেয়তার কারণে বেশ জমজমাট। যদিও হোটেল ছোট, চেয়ার-টেবিলে বা গঠন-গাঠনে দেখতে অত সুন্দর নয় তবে খাওয়ার ধরণ-ধারণ বেশ সুন্দর ও পরিপাটি! খালার নিজের হাতে সকলের খাওয়ার তদারকের ধরনটা বেশ আমুদে। এই এইটুকু আমুদের ছোঁয়ার জন্য জন্য সকাল থেকে দুপুর অবধি ভিড় থাকে খুব। শহরের অনেক চাকরিজীবী, শিক্ষিত ব্যক্তি এখানে অবলীলায় খেয়ে যান। অন্য আমাদের মতে মানুষেরা তো আছেনই। এদিক-ওদিক তাকিয়ে দেখি নির্বাচনের আলোচনা জমেছে বেশ। কেউ কেউ আবার মোবাইল দেখে বিভিন্ন মন্তব্য করছেন। হোটেলের খাওয়ার বিল মিটিয়ে বের হতে দেখি আমার মাথার ভিতরে কলবল করে চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নির্বাচন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচন শুধু ক্ষমতার বদলই ঘটায়নি, বিশ্ব রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ, দুটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে বুঝা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার মেয়াদের বাকি সময়ে নীতি নির্ধারণে ডেমোক্র্যাটদের বাধার মুখোমুখি হতে হবে। অবশ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গেই মিলেমিশে কাজ করতে চান। নির্বাচনে বড় ভূমিকা রেখেছে তরুণ ভোটাররা।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের তরুণ ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে বড় ধরনের অবস্থান নিয়েছে। মিলেনিয়াল তথা জেনারেশন ওয়াই (জন্ম : ১৯৮১-১৯৯৬) ও জেনারেশন জেড তথা জেন-জি (জন্ম : ১৯৯৭-২০১২) প্রজন্ম ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করলেও বেবি বুমার্স (জন্ম : ১৯৪৬-১৯৬৪) ও জেনারেশন এক্স তথা জেন এক্স (জন্ম : ১৯৬৫-১৯৮০) প্রজন্মের অনেক ভোটার রিপাবলিকান পার্টির প্রতি আস্থা রেখেছে। (প্রথম আলো ০৭ই নভেম্বর, ২০২৬) বিশ্বরাজনীতির গতি-প্রকৃতি চলমান বাস্তবতার ধাক্কায় জীবন-জীবিকার নিরিখে এখন এভাবেই বিভক্ত হয়ে গেছে।
তবে এই নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হলো বৈচিত্র্য। সব বাধা ডিঙিয়ে এবার রেকর্ডসংখ্যক মুসলিম ও সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন।
নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হওয়া আব্দুল এল-সায়েদ (যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর) ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিহাস গড়েছেন। বিজয়ের পর তাঁর সরল মন্তব্য ছিল—‘খারাপ মানুষেরা হেরে গেছে’। এছাড়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বা প্রথম জেন-জি নারী মেলাত কিরোসের মতো প্রার্থীরা প্রথা ভেঙে রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছেন। ভোটাররা শুধু মানুষ বেছে নেননি, মিসৌরিতে গর্ভপাতের অধিকার আর ভার্জিনিয়ায় কারামুক্তদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষেও রায় দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমগুলোর আলোচনায় উঠে এসেছে কীভাবে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বা প্রথম জেন-জি নারী মেলাত কিরোসের মতো প্রার্থীরা প্রথা ভেঙে রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছেন।
ঠিক একই রকম শান্তির বার্তা দেখা গেছে ইসরায়েলের নির্বাচনেও। ১৯৯৯ সালের পর এবারই সবচেয়ে বেশি—প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে, যার বড় অংশই ছিলেন আরব নাগরিকরা। দীর্ঘস্থায়ী যুদ্ধ আর সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষ যে কতটা ক্লান্ত, এই রায় তারই প্রমাণ। ফলে ক্ষমতা হারাতে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে, আর আরব দলগুলোর সমর্থনে সরকার গড়তে যাচ্ছেন মধ্যপন্থি গাদি আইজেনকোট। দুই দেশের এই নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিচ্ছে যে, সাধারণ মানুষ এখন যুদ্ধ আর বিভাজনের নীতি বাদ দিয়ে শান্তি, মানবাধিকার এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষেই রায় দিচ্ছে।
বিশ্ব রাজনীতির বর্তমান ধোঁয়াশা আর উৎকণ্ঠার মাঝে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে নানা শঙ্কা ছিল। এই দুই দেশের মানুষ কোন দিকে রায় দেবে, তা নিয়ে বিশ্বজুড়ে ছিল বড় প্রশ্ন। তবে সব উদ্বেগ-উৎকণ্ঠার মাঝেও সাধারণ মানুষের মৌলিক চাওয়া ছিল 'শান্তি'। মানুষের সেই গভীর আকাঙ্ক্ষাই ফুটে উঠেছে ২০২৬ সালের ২৭শে অক্টোবরের ইসরায়েলের সাধারণ নির্বাচন এবং ৩রা নভেম্বরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে। এই ফলাফল দুই দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষের মনে নতুন প্রত্যয় জাগিয়েছে। ব্যালটের মাধ্যমে উগ্র ও যুদ্ধবাজ মানসিকতার নেতৃত্ব এবার সরাসরি একটি বড় ধাক্কা খেয়েছে বলে মনে হয়। যারা মনে করেছিল তারাই পৃথিবীর হর্তাকর্তা এবং পরিস্থিতি তাদের খেয়ালখুশিমতো চলবে, ভোটাররা প্রমাণ করে দিল যে পরিস্থিতি আসলে সবাইকে নিয়ে চলার, সবাইকে দিয়ে বলার আর সবারই কথা শোনার।
অবশ্য এই ফলাফলের পেছনে শুধু যুদ্ধ নয়, দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রেখেছে। মানুষ এখন আর বড় বড় বুলিতে নয়, বরং নিজেদের 'পকেট' ও দৈনন্দিন বাজারের হিসাব দিয়ে বৈশ্বিক পরিস্থিতি বিচার করছে। ক্ষুধা আর নিত্যদিনের চাহিদা মেটাতে গিয়ে পকেট শূন্য হতে থাকায় জনগণের ক্ষোভ বেড়েছে। ইরানের ওপর সাম্প্রতিক যৌথ সামরিক পদক্ষেপের বিরুদ্ধেও দুই দেশের ভোটাররা এক ধরনের নীরব প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিনও দক্ষিণ ইরানের হরমুজ প্রণালির কেশম দ্বীপে সীমিত হামলা চলেছে। এই চলমান যুদ্ধের মধ্যেই ভোটাররা ব্যালটের মাধ্যমে তাৎক্ষণিক জনমতের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সুস্থতার প্রত্যাশায়।
মানব সভ্যতার শুরু থেকেই মানুষ যুদ্ধের চেয়ে টেকসই শান্তির দিকে বেশি ঝুঁকেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর 'লিগ অব নেশনস' আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 'জাতিসংঘ' গঠন সেই আকাঙ্ক্ষারই প্রমাণ। ডোনাল্ড ট্রাম্প বা বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকেরা তাঁদের কড়া নীতিকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি ভাবলেও, সমালোচকদের মতে তাঁদের আগ্রাসী মনোভাবের কারণে আব্রাহাম অ্যাকর্ডসের মতো শান্তি প্রচেষ্টাগুলোর মূল উদ্দেশ্য বা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। নিজ দেশের জনগণের বড় অংশই আজ তাঁদের অনেকটা অহমিকাপূর্ণ নীতির বিরুদ্ধে সোচ্চার এবং উচ্চকণ্ঠ।
এই রাজনৈতিক পালাবদলে শান্তি বা রাতারাতি ফিলিস্তিনিদের স্বাধীনতা আসবে না, তবে বিশ্বরাজনীতির সমীকরণ যে পাল্টাবে তা পরিষ্কার। বর্তমানে ইউরোপ থেকে শুরু করে ভারতেও যে অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে, তার বিরুদ্ধে তরুণ প্রজন্ম বা জেনারেশন জি তথা জেন-জি’রা রাজপথে নেমেছে। এরই মধ্যে পূর্ববর্তী জেনারেশনগুলোর সমান্তরালে জেনারেশন আলফা (জন্ম : ২০১৩-২০২৪) প্রজন্ম চলে এসেছে। আর জেনারেশন বিটা (জন্ম: ২০২৫-২০৩৯) প্রজন্মেও কেউ ইতিমধ্যে চলে এসেছে, কেউবা আসার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বনেতৃত্বের বয়স্ক মানসিকতার সাথে চলমান প্রজন্মের চিন্তাভাবনা মিলছে না। নেতারা যদি এখনই জেনারেশন তথা প্রজন্মের আকাঙ্ক্ষা তথা জনআকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব না দেন, তবে এই ক্ষোভ একদিন আরও বড় অশান্তি ডেকে আনবে এবং তাঁদের পতন অনিবার্য। যদিও এই নেতৃত্বের অনেকেই সাইলেন্ট জেনারেশন তথা নীরব (জন্ম : ১৯২৮-১৯৪৫) প্রজন্মের। তারা ‘গ্রেটেস্ট জেনারেশন’ (জন্ম : ১৯০১ – ১৯২৭)-এর উত্তরসূরি হলেও আচরণে সতর্ক না হলে তারা সত্যিকার অর্থেই নীরবই হয়ে যাবেন।
প্রজন্ম জটিলতায় ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভে বর্তমানে ইউরোপের ৩০টি দেশ ঝুলছে। যদিও দেশে দেশে প্রজন্মগুলোর দায়বদ্ধতাও আছে। যেমন আমাদের দেশের দেশভাগের পূর্ব প্রজন্ম, ভাষা আন্দোলন প্রজন্ম, মুক্তিযুদ্ধ প্রজন্ম বা গণতান্ত্রিক আন্দোলন প্রজন্ম। তবে সমকালীন সময়ে যাই ঘটুক না কেন সময়ের চাহিদার দিকে বিশ্বনেতৃত্বের সচেতন হওয়া এবং মানুষের মতামতকে সম্মান জানানো জরুরি। যেমন ঘটেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে। যুদ্ধ বা ধ্বংস মানসিকতা দিয়ে এখনকার পৃথিবী বিবেচ্য নয়-পৃথিবী বিবেচ্য জেনারেশন দিয়ে। দরকার বিশ্বরাজনীতির নীতিনির্ধারক থেকে শুরু করে বাংলাদেশের ঠাকুরগাঁও পৌর এলাকার আমেনা হোটেলের স্বত্বাধিকারী আমেনা বেগমের মতো প্রান্তিক ও সাধারণ শ্রমজীবী মানুষসহ—সকল মানুষের প্রত্যাশার যৌক্তিক এবং গ্রহণযোগ্য সমন্বয়। কারণ ধীরে ধীরে বয়স্ক মানুষ বাড়ার কারণে আগামীর পৃথিবী যে মানুষ আর মানবতারই পৃথিবী হবে সেটা এক প্রকার নিশ্চিত। মানুষ ও মানবতা মিলিয়ে এখনই শক্তিশালী জীবন ব্যবস্থার ভিত্তি গড়ে তোলা দরকার। যে জীবনের ভিত্তি ভয়-শঙ্কা ছাড়া নিজের বিকাশকে স্বচ্ছ আর সতেজ রাখবে সমস্ত মানুষের আস্থা আর সুস্থতার বিশ্বাসে।
লেখক, সাহিত্য ও সংস্কৃতিজন, ঠাকুরগাঁও