EN ☀️
×

Follow Us

রাজনীতি

বাজেট সম্ভাবনার আলোকবর্তিকা, তবে বাস্তবায়ন চ্যালেঞ্জিং: জাতীয় পার্টি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৩২ পিএম

বাজেট সম্ভাবনার আলোকবর্তিকা, তবে বাস্তবায়ন চ্যালেঞ্জিং: জাতীয় পার্টি
অ অ

বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভর বলে আখ্যায়িত করেছে জাতীয় পার্টি। দলটির মতে, এই বাজেট একদিকে সম্ভাবনার আলো দেখালেও, অন্যদিকে এর বাস্তবায়ন এক কঠিন পরীক্ষা।

শনিবার (১৩ জুন) দুপুরে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

লিখিত বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের অর্থনীতি এখন একটি কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলা করতেই সরকারকে বিশাল প্রতিশ্রুতি দিয়ে বাজেট প্রণয়ন করতে হয়েছে। বাজেটটিতে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটি ইতিবাচক। তবে রাজস্ব আদায়ের দুর্বল ভিত্তি, বড় ঘাটতি এবং ঋণনির্ভর অর্থায়ন এই বাজেটের মূল দুর্বলতা। সরকারের দক্ষতা ও স্বচ্ছতার ওপরই এই বাজেটের সফলতা নির্ভর করছে।

রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আশা ছিল দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু বাজেট পরবর্তী বিরোধী দলগুলোর ঢালাও বিরোধিতা ও বিক্ষোভের পুরোনো সংস্কৃতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক সংস্কৃতির সংস্কার জরুরি।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, শুধু অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য সুশাসন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়িতা ও অপ্রয়োজনীয় বিদেশ সফর সীমিত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

তবে মহাসচিব অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় সাড়ে ছয় শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন