জাপা ও জেপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আত্মপ্রকাশ
নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ১৮ দলীয় নতুন জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ। নতুন এই জোটে ছয়টি নিবন্ধিত রাজনৈতিক দলসহ মোট ১৮টি দল অন্তর্ভুক্ত রয়েছে।
জোটের ঘোষণাপত্র
লিখিত ঘোষণাপত্র পাঠ করেন জোটের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। স্বাগত বক্তব্যে জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ এ দেশের অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক। গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৯৮৬ সালের নির্বাচন ছিল তার সাহসী উদ্যোগ। কিন্তু কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি আরও বলেন, সব দলকে নিয়ে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের জন্য জরুরি। কোনো দলকে বাদ দিয়ে নির্বাচনে গেলে তা টেকসই সরকার গঠনে ব্যর্থ হবে—অতীতের অভিজ্ঞতা তেমনই বলে।
রুহুল আমিন হাওলাদার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ত্যাগ ও সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা, কিংবা সশস্ত্র বাহিনীকে হেয় প্রতিপন্ন করা—এগুলো আমাদের হৃদয়ে আঘাত করে।’
তিনি আরও মন্তব্য করেন—রাজনীতিতে কেউ চিরশত্রু বা চিরমিত্র নয়; সবাই মিলেই আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র নেতারা—কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সহযোগী ও মিত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান সাবেক এমপি শাহ মো. আবু জাফর, তৃণমূল বিএনপির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর ডা. হাবিবুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের এম. ওয়াহেদ ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সংবাদ সম্মেলনে বিদেশি কূটনীতিকেরাও উপস্থিত ছিলেন—ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর টিম ডাকেট, মার্কিন দূতাবাসের প্রতিনিধি কামরুল হাসান খান, ব্রুনাই মিশন প্রধান রোজাইমি আবদুল্লাহ এবং ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) পূজা ঝা।