EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় হজের অপেক্ষায় ১০ হাজার ফিলিস্তিনি

রাফাহ সীমান্ত বন্ধ থাকায় ২০২৩ থেকে নিবন্ধন করেও সৌদি আরবে যেতে পারেননি তাঁরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ এএম

গাজায় হজের অপেক্ষায় ১০ হাজার ফিলিস্তিনি

হজের সময় তাঁবুতে অবস্থানরত হজযাত্রীরা।

অ অ

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো হজে যাওয়ার অপেক্ষায় আছেন। রাফাহ সীমান্ত বন্ধ থাকায় ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করেও তাঁরা সৌদি আরবে যেতে পারেননি। এই দীর্ঘ অপেক্ষায় হজে যাওয়ার আগেই মারা গেছেন নিবন্ধিত প্রায় ৪০০ জন। গাজার হজ ও ওমরাহ ভ্রমণ সংস্থাগুলোর সংগঠনের প্রধান মোহাম্মদ আল-আন্তাল এ তথ্য জানিয়েছেন।

আল-আন্তাল বলেন, ভবিষ্যতে হজের ব্যবস্থা করা গেলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিতদের অগ্রাধিকার দেওয়া হবে। মৃত নিবন্ধিতদের জায়গায় তাঁদের পরিবারের সদস্যদের সুযোগ দেওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি, যাতে বরাদ্দ করা সুযোগ হাতছাড়া না হয়।

তিনি জানান, রাফাহ সীমান্ত বন্ধ থাকায় হজযাত্রীরা গাজা ছাড়তে পারছেন না। অথচ সৌদি আরব তাঁদের গ্রহণে প্রস্তুত এবং যাত্রা সহজ করতে মিসরও চেষ্টা চালাচ্ছে। হজযাত্রীদের নিরাপদে গাজা ছাড়া, পবিত্র স্থানগুলোতে পৌঁছানো এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে ফেরার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা

এদিকে রবিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালান ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। স্থানীয়রা জানান, হামলাকারীরা বাড়িঘরে আগুন দেন ও লুটপাট চালান।

বেশ কিছু যানবাহনেও আগুন দেওয়া হয়েছে। দেয়ালে স্প্রে পেইন্টে ‘প্রতিশোধ’-এর মতো স্লোগান লেখা হয়েছে। হামলায় হতাহতের খবর নেই। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেনাবাহিনী সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, যানবাহনে আগুন ও গ্রাফিতির ফুটেজ পাওয়ার পর কয়েকটি এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলে সরকার গঠনের চেষ্টায় থাকা বিরোধী নেতা গাদি আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, যানবাহন ও ঘরবাড়িতে আগুন দেওয়া উগ্রবাদী গোষ্ঠীগুলো আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভার অতি-জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নীতি এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার পর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বেড়েছে। রোববারের হামলা তারই সর্বশেষ সংযোজন।

গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের ফলে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তাই আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের বেশির ভাগ রাজনীতি বিশ্লেষক মনে করেন, তাঁর সফল হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল নয়।

আরও পড়ুন