গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডেইলি সানের তিন সাংবাদিক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: ডেইলি সান
চীন-বাংলাদেশ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ পেয়েছেন ডেইলি সানের তিন জ্যেষ্ঠ স্টাফ করেসপন্ডেন্ট।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন এএনএম মহিবুব উজ জামান, রফিকুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন এএনএম মহিবুব উজ জামান। একই বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছেন রফিকুল ইসলাম। অন্যদিকে, অর্থনীতি ও কূটনীতি বিভাগে তৃতীয় পুরস্কার অর্জন করেন মো. আরিফুল ইসলাম।
দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা। তৃতীয় পুরস্কার বিজয়ীদের দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে। পাশাপাশি প্রত্যেককে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো এ পুরস্কারের আয়োজন করা হয়। এবারের আয়োজনে চারটি বিভাগে বিভিন্ন গণমাধ্যমের মোট ২৬ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইয়ুইন এবং বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, এ পুরস্কার প্রদান অনুষ্ঠান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। দায়িত্বশীল গণমাধ্যম দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাব এতে সহযোগী হিসেবে অংশ নেয়। সাংবাদিকদের পাশাপাশি আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারাও প্রতিযোগিতায় অংশ নেন।
-6af53ed22e13b.jpg)