EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

ইস্টওয়েস্ট মিডিয়ার ১৭ সাংবাদিককে সম্মাননা দিল বসুন্ধরা গ্রুপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

ইস্টওয়েস্ট মিডিয়ার ১৭ সাংবাদিককে সম্মাননা দিল বসুন্ধরা গ্রুপ

ছবি: ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) ৬টি সংবাদমাধ্যমের সেরা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান।

অ অ

শব্দ ও সত্যের মেলবন্ধনে নিষ্ঠাবান সাংবাদিকদের সম্মান জানাতে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) ৬টি সংবাদমাধ্যমের মোট ১৭ জন সাংবাদিককেকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। অসাধারণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘জুন-২০২৬ সেরা সাংবাদিক’ হিসেবে তাঁদের পুরস্কৃত করেছে বসুন্ধরা গ্রুপ। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত সাংবাদিকদের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী ও ডিএমডি অ্যান্ড হেড অব এ এন্ড এফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি মো. ইমরুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস, কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম), বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, নিউজ২৪ টিভির বার্তা সম্পাদক শরিফুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 ডেইলি সান থেকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন এহসানুল হক জসিম ও আসাদুল ইসলাম (এনভায়রনমেন্টাল জাস্টিস টার্নস ইনটু আ ওয়াইল্ড গুজ চেজ), রফিকুল ইসলাম (এসডিজি ডেডলাইনস লুম, পিডব্লিউডি ওয়ার্কফোর্স স্টিল আনট্যাপড), মৌসুমী ইসলাম (ক্যান হাই রেটস রিভাইভ ইনভেস্টমেন্ট?)।

পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ (এক রিচার্জে ১৮০-২০০ ডিজিট, বিপাকে গ্রাহক), নিজস্ব প্রতিবেদক শিমুল মাহমুদ (চরম দুরবস্থায় সরকারি মেডিকেল কলেজ: শিখন ঘাটতিতে ডাক্তারি ডিগ্রি এবং চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক আখন্দ (কর্তার দাপটে পূর্বাঞ্চল রেলওয়ের অফিস হয়ে গেল রেস্ট হাউজ, কেনাকাটায় অনিয়ম)।

সেরা সাংবাদিক হিসেবে আরও পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শামীম আহমেদ (কোটি টাকার কাগুজে গাছ দিচ্ছে না ছায়া!), সিনিয়র রিপোর্টার মাহবুব মমতাজী (অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া), স্টাফ রিপোর্টার ইমরান রহমান (ভয়ঙ্কর জম্বি এখন বাংলাদেশে)।

নিউজ২৪ চ্যানেল থেকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন (ঘুষের ফাঁদে প্রবাসীর স্ত্রী, তাত্ক্ষণিক অ্যাকশনে প্রতিমন্ত্রী)। টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার মোমিন রোহন (বাবা হাসপাতালের প্রহরী, ছেলে জাকির বাংলার উসাইন বোল্ট, নতুন কুঁড়ির সেরা বালক স্প্রিন্টার) পুরস্কার পেয়েছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট ইলিয়াস সরকার (মৃত্যুদণ্ড নিয়ে কনডেম সেলে এক দশক: শিউলির পর এবার মুক্তি পাচ্ছেন মাশকুরা), সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা (১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে), সিনিয়র করেসপেন্ডেন্ট (স্পোর্টস) আবির রহমান (কেপ ভার্দে-কুরাসাও পারলে বাংলাদেশ কেন পেছনে), সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর (ইট-পাথরের নগরে হারিয়ে যাচ্ছে পাখির আবাস, সংকটে বাস্তুতন্ত্র) এবং চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান (পাহাড় হারাচ্ছে চট্টগ্রাম, বাড়ছে ঝুঁকি) পুরস্কৃত হয়েছেন।

আয়োজক কমিটির পক্ষে বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও বাড়াতে হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সবসময় সাধারণ মানুষের উপকার এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেন।’

তিনি বলেন, ‘প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে ৪-৫ জনকে ‘সাংবাদিক সম্মাননা’ দেবে বসুন্ধরা গ্রুপ। সাংবাদিকদের অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদন প্রকাশে উত্সাহিত করতেই এ সম্মাননা কার্যক্রম চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ইমরুল হাসান বলেন, ‘প্রতিটি মিডিয়া থেকে সমান সংখ্যক সেরা প্রতিবেদন বাছাইয়ের ক্ষেত্রে মিডিয়া ম্যানেজমেন্ট ও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিভিন্ন খাতের প্রতিবেদন যথাযথভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে।’

অনুষ্ঠান শেষে উপস্থিত সম্পাদকরা এ ধরনের পুরস্কার প্রবর্তনের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুন