EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা, ডিআরইউর প্রতিবাদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা, ডিআরইউর প্রতিবাদ

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, মামলায় কামরুজ্জামান খানকে ১৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

ডিআরইউ নেতারা বলেন, মামলার এজাহারে কামরুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং তাঁর কথিত সম্পৃক্ততার বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, তা স্পষ্ট নয়। কোনো সাংবাদিককে হয়রানি বা পেশাগতভাবে চাপে রাখার উদ্দেশ্যে মামলা ব্যবহার করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, কামরুজ্জামান খান দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করেন না। এ অবস্থায় সাভারে সংঘটিত একটি ঘটনায় তাঁকে আসামি করার বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।

ডিআরইউ নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তারা।

তাঁরা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে কামরুজ্জামান খানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

একজন পেশাদার সাংবাদিককে হয়রানি না করা এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আরও পড়ুন