তথ্য কমিশনে নিয়োগে দক্ষতা, নিরপেক্ষতা ও সৎসাহসকে প্রাধান্যের আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত থেকে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং সৎসাহসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরাম জানায়, প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশের লক্ষ্যে সম্প্রতি পুনর্গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির অন্যান্য সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।
ফোরাম জানায়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত বাছাই কমিটি সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটি বলেছে, এর মাধ্যমে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তথ্য কমিশন গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে।
চিঠিতে বলা হয়, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি দক্ষ, বস্তুনিষ্ঠ ও গণমুখী তথ্য কমিশন অপরিহার্য। তাই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের সক্ষমতার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, সততা এবং জনস্বার্থে কাজ করার মানসিকতাকে গুরুত্ব দেওয়া উচিত।
ফোরামের মতে, অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশন প্রত্যাশিত কার্যকারিতা অর্জন করতে পারেনি। বর্তমান বাছাই কমিটি যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবে বলে তারা আশা প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের বাক ও চিন্তার স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি হ্রাসে একটি গুরুত্বপূর্ণ আইন। এ আইনের সুফল নিশ্চিত করতে হলে তথ্য কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পক্ষে পাঠানো এ চিঠিতে ফোরামের কোর গ্রুপের সদস্যরা এ আহ্বানের প্রতি সমর্থন জানান।