ক্ষমতাবানকে প্রশ্ন করাই সাংবাদিকের দায়িত্ব: কাদের গনি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহির আওতায় রাখাই সাংবাদিকতার মূল দায়িত্ব। এতে গণতন্ত্র শক্তিশালী হয়, জনগণের অধিকার সুরক্ষিত থাকে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
রবিবার (২ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘সত্য বলার সাহসই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমে সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতা প্রয়োজন। তবে বাস্তবে দেশে এর ঘাটতি রয়েছে।’
তিনি বলেন, দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে স্বার্থনির্ভর সাংবাদিকতা অনেক ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাকে ছাপিয়ে গেছে।
বিএফইউজের মহাসচিব বলেন, একটি আদর্শ গণমাধ্যম কোনো দল, গোষ্ঠী, সরকার বা বিদেশি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয়; গণমাধ্যমের দায়বদ্ধতা শুধু দেশের জনগণের কাছে। তিনি বলেন, ‘গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।’
তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার দাবি, বিগত সরকারের সময় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক সাংবাদিক ক্ষমতাসীনদের কঠিন প্রশ্ন না করে প্রশংসায় ব্যস্ত ছিলেন। এতে জনগণ ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।