EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা
অ অ

দুই সাংবাদিকের ওপর পৃথক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

সোমবার (৯ মার্চ) বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, প্রকাশ্য দিবালোকে দুজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সাংবাদিক কামরুল হাসানের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলে করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তেজগাঁওয়ে তার কর্মস্থল দৈনিক সমকাল কার্যালয়ে যাচ্ছিলেন। পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনাস্থলে “সোবান আল্লাহ” নামের একটি বাস দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ওই বাসের স্টাফ বা সংশ্লিষ্ট কেউ হতে পারে। পরে জানা যায়, বাসটি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়।

অন্যদিকে, গত রবিবার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে সময় টিভির গাড়ি। এ সময় ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ছাড়ার পর গাড়ি চলতে শুরু করলে ট্রাফিক সার্জেন্ট হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে তিনি উত্তেজিত হয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ একটি মব তৈরি হয় এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষের ওপর এক যুবক সরাসরি হামলা চালায়।

ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন