EN ☀️
×

Follow Us

জীবনযাপন

স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করবে এই ৫ অভ্যাস

কোয়ালিটি টাইম, ধন্যবাদ, ক্ষমা, মন দিয়ে শোনা আর প্রশংসা, এই ছোট অভ্যাসই দাম্পত্যকে রাখতে পারে সুখী ও দীর্ঘস্থায়ী

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করবে এই ৫ অভ্যাস

সুখী দাম্পত্যের জন্য দরকার প্রতিদিনের ছোট ছোট যত্ন। ছবি: সাবিনা ইয়াসমিন

অ অ

ব্যস্ত জীবন, ক্যারিয়ারের দৌড় আর পারিবারিক দায়িত্বের চাপে দাম্পত্য জীবনে একঘেয়েমি আসা অস্বাভাবিক নয়। সময়ের সঙ্গে বিয়ের প্রথম দিনগুলোর রোমাঞ্চ ফিকে হতে থাকে। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সুখী ও দীর্ঘস্থায়ী দাম্পত্য কোনো জাদুমন্ত্রে গড়ে ওঠে না। এর জন্য দরকার প্রতিদিনের ছোট ছোট যত্ন আর কিছু সুন্দর অভ্যাস। জেনে নিন এমন পাঁচটি অভ্যাস।

১. প্রতিদিন ২০ মিনিটের কোয়ালিটি টাইম

মোবাইল, ল্যাপটপ কিংবা টিভির পর্দা থেকে দূরে থেকে প্রতিদিন নিজেদের জন্য কিছুটা একান্ত সময় বের করুন। এটি হতে পারে সকালের চা খাওয়ার সময় কিংবা রাতের খাবারের পর একসঙ্গে একটু বারান্দায় বসা বা হাঁটা। এই সময়ে ঘরের বা অফিসের কোনো জটিল হিসাব নয়, বরং কেবলই নিজেদের অনুভূতি, সারাদিনের ছোটখাটো ভালো লাগা বা মন্দ লাগার বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলুন।

২. ছোট কাজেও ধন্যবাদ বলুন

সম্পর্ক পুরনো হয়ে গেলে আমরা অনেক সময় সঙ্গীর অবদানকে খুব স্বাভাবিক বা তার অবধারিত দায়িত্ব বলে ধরে নিই। কিন্তু সঙ্গী আপনার জন্য ছোট কোনো কাজ করলে—যেমন এক কাপ চা বানিয়ে দেওয়া, কাপড় গুছিয়ে রাখা কিংবা কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো—তাকে মন থেকে ‘ধন্যবাদ’ জানান। আপনার এই সামান্য কৃতজ্ঞতাবোধ সঙ্গীকে বোঝাবে যে আপনি তার প্রতিটি কাজের মূল্যায়ন করছেন।

৩. ভুল স্বীকার ও ক্ষমা করা

এক ছাদের নিচে থাকতে গেলে মান-অভিমান বা ঝগড়া হওয়া খুব স্বাভাবিক। তবে সম্পর্কে জেদ ধরে রাখা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। নিজের ভুল বুঝতে পারলে কোনো অহংকার না করে দ্রুত ‘সরি’ বা দুঃখ প্রকাশ করুন। একইভাবে সঙ্গী ভুল স্বীকার করলে তা বড় মন নিয়ে ক্ষমা করে দিন। পুরনো রাগ বা অতীত নিয়ে বারবার খোঁটা দেওয়া সম্পর্ককে ভেতর থেকে দুর্বল করে দেয়।

৪. মন দিয়ে সঙ্গীর কথা শোনা

অধিকাংশ ক্ষেত্রে আমরা সঙ্গীর কথা মন দিয়ে শোনার চেয়ে নিজের যুক্তি খাড়া করতে বেশি ব্যস্ত থাকি। সম্পর্ক মজবুত করার অন্যতম প্রধান শর্ত হলো একজন ভালো শ্রোতা হওয়া। সঙ্গী যখন কোনো বিষয় নিয়ে মন খারাপ বা মানসিক চাপে থাকেন, তখন তাকে মাঝপথে না থামিয়ে বা বিচার করতে না গিয়ে পুরো কথাটি ধৈর্য ধরে শুনুন। এতে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ বাড়ে।

৫. মন খুলে প্রশংসা করা

মানুষ তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে সবচেয়ে বেশি ভালোবাসে। সঙ্গীর পোশাক, নতুন কোনো রান্না কিংবা তার যেকোনো ভালো কাজের মন খুলে প্রশংসা করুন। এর পাশাপাশি বিশেষ কোনো দিবস ছাড়াই হঠাৎ একটি চকলেট, ফুল কিংবা তার পছন্দের কোনো ছোট জিনিস উপহার দিয়ে সারপ্রাইজ দিতে পারেন। এই ছোট ছোট চমক ভালোবাসার সম্পর্কে নতুন জোয়ার আনে।

সম্পর্ক অনেকটা গাছের মতো, যাকে প্রতিদিন পরিচর্যা করতে হয়। গতিময় এই জীবনে একে অপরকে অবহেলা না করে এই সহজ অভ্যাসগুলো নিয়মিত চর্চা করুন। তাহলে যেকোনো কঠিন সময়েও আপনাদের দাম্পত্য জীবনের ভিত থাকবে একদম মজবুত।

আরও পড়ুন